পাবনার চাটমোহরে মানবতাবিরোধী অপরাধে দন্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মওলানা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য দোয়া করার দায়ে অভিযুক্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার মোঃ গোলাম মোস্তফাকে বদলী করা হয়েছে। তাঁকে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় বদলী করা হয়েছে মর্মে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলী নিশ্চিত করেছেন।
দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর অ্যাকাডেমিক সুপারভাইজার মোঃ গোলাম মোস্তফা তার ফেসবুক আইডিতে বলেছেন.‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তুমি নিশ্চয়ই জান্নাতের উঁচু মাকামে তাকে স্থান দিবেন। আমিন।’
এ ঘটনার পর চলতি এইচএসসি ও সমমান পরীক্ষায় অ্যাকাডেমিক সুপারভাইজারকে চাটমোহর এনায়েতুল্লাহ সিনিয়র ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে তদারকি কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এনিয়ে দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলী জানান,দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে স্ট্যাটাস দেওয়ায় অ্যাকাডেমিক সুপারভাইজারকে পরীক্ষা কেন্দ্রের তদারকি কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তপক্ষকে জানানো হয়। এরপর তাকে বদলী করা হলো।