পাবনার সুজানগর থানা পুলিশ সরকার বিরোধী ষড়যন্ত্র এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে জামাত ও শিবিরের ৫জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৪টি ককটেল, ২৫টি বাঁশের লাঠি ও ৫৩পিস ইটের টুকরা জব্দ করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মানিকদীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলা জামাত কল্যাণ ফেডারেশনের সভাপতি উপজেলার ভবানীপুর গ্রামের মোঃ ওয়ালি উল্লাহ বিশ্বাস (৫০), উপজেলা জামাতের রোকন উপজেলার মানিকদীর গ্রামের মোঃ সাইদুর রহমান (৪৫), উপজেলা শিবিরের সাবেক সভাপতি হেমরাজপুর গ্রামের মোঃ কামরুজ্জামান (২৯), উপজেলা জামাতের কর্মী প্রফেসারপাড়া গ্রামের আব্দুল্লাহ আল মামুন (২৩) ও নাজিগঞ্জ ইউনিয়ন জামাতের রোকন উপজেলার নওগ্রামের মোঃ জিল্লুর রহমান ওরফে বাদশা (৫০)।
থানার ডিউটি অফিসার অমৃত কুমার পাল জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ওই সকল জামাত- শিবিরের নেতা-কর্মীরা মানিকদীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় বসে সরকার বিরোধী ষড়যন্ত্র এবং নাশকতার পরিকল্পনা করছিল। এ সময় আইন-শৃঙ্খলার কাজে নিয়োজিত টহলরত সুজানগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জিন্নাত সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।