ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা আনোয়ারুল আজিমকে ঘুষ কেলেঙ্কারির ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুষ কেলেঙ্কারির একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয় সংবাদ মাধ্যমগুলোতে।
রোববার (১৩ আগস্ট) চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এ আদেশ জারি করেন। চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার বিষয়টি সাংবাদিকদের নিকট নিশ্চিত করেছেন।
তথ্যসূত্রে জানা যায়,সম্প্রতি ফরিদগঞ্জের ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ভূমি কার্যালয়ে ২০ শতক জমি খারিজ করাতে যান ওই ভুমি অফিসের আওতায়ধীন পাশ^বর্তী গুপ্টি পূর্ব ইউনিয়নের গুপ্টি মৌজার জনৈক মো. শহিদুল্লাহ। এ কাজের জন্য ওই ব্যক্তির কাছে ৭০ হাজার টাকা ঘুষ চান উপসহকারী ভূমি কর্মকর্তা আনোয়ারুল আজিম। পরে সেবাগ্রহীতা তাকে ৪৫ হাজার টাকা ঘুষ দিলেও জমি খারিজ করে দেওয়া হয়নি। এ ঘটনার কৌশলে তারা একটি ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। মহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়।
এব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার সাংবাদিকদের বলেন, উপসহকারী ভূমি কর্মকর্তা আনোয়ারুল আজিমের বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ-বাণিজ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সঙ্গে সঙ্গে তাঁকে হাইমচরের নীলকমল ইউনিয়নে বদলি করা হয়। রোববার(১৩ আগস্ট) সাময়িক বরখাস্ত করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। ব্যবস্থা নেওয়ার আগে জেলা প্রশাসকের নির্দেশে ফরিদগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) এর মাধ্যমে বিষয়টি তদন্ত করার এর সত্যতা নিশ্চিত করা হয়।