আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ ধাপের আওতায় দ্বিতীয় পর্যায়ে আরো ১২ জেলার ২২ হাজার ১০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ করে জমিসহ ঘর হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আরো ১২টি জেলা গৃহহীন ও ভূমিহীনমুক্ত হলো। এরইমধ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪১টি জেলার আরো ১২৩টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন ঘোষণা করা হয়েছে। ফলে এখন মোট উপজেলার সংখ্যা ৩৩৪টি এবং নতুন ১২টি জেলাসহ সম্পূর্ণ গৃহহীন ও ভূমিহীনমুক্ত জেলার মোট সংখ্যা দাঁড়াল ২১টিতে। এর আগে ২২ মার্চ ২০২৩-এ দ্বিতীয় ধাপের অধীনে প্রথম দফায় ৩৯ হাজার ৩৬৫টি ঘরসহ জমি হস্তান্তর করা হয়। ২০২১ সালের ২৩ জানুয়ারি প্রথম পর্যায়ে ৬৩ হাজার ৯৯৯টি, ২০ জুন দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৩০টি এবং মুজিববর্ষের সময় তৃতীয় পর্যায়ে দুই ধাপে মোট ৫৯ হাজার ১৩৩টি ঘর বিতরণ করা হয়েছে। বুধবারের ২২ হাজার ১০১টি ঘর বিতরণের মাধ্যমে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে মুজিববর্ষ থেকে এখন পর্যন্ত ৩১ মাসে মোট ঘরের সংখ্যা দাঁড়াচ্ছে দুই লাখ ৩৮ হাজার ৮৫১। আশ্রয়ণের মূল লক্ষ্য মানুষের দারিদ্র্য দূরীকরণ ও জীবনমানের উন্নয়ন এবং মানুষের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা। সরকারের নেওয়া অনেক শুভ উদ্যোগের মধ্যে আশ্রয়ণ প্রকল্প হচ্ছে একটি অন্যতম দৃষ্টান্ত। কাজটি শুরু করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লক্ষ্মীপুরের পোড়াগাছায়, ১৯৭২ সালের ২০ ফ্রেরুয়ারি। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ১৯৯৬ সালে সরকার গঠন করে ১৯৯৭ সালেই শুরু করেন আশ্রয়ণ প্রকল্প। ২০২০ সালের ৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন, দেশের একজন মানুষও গৃহহীন বা ভূমিহীন থাকবে না। তাঁর এই ঘোষণার পর সারা দেশের ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর তৈরি করে দেওয়ার প্রকল্প গ্রহণ করা হয়। এই প্রকল্পের আওতায় সারা দেশে ভূমি ও গৃহহীন পরিবারকে বাড়ি নির্মাণ করে দিচ্ছে সরকার। আশ্রয়ণ প্রকল্প একটি কল্যাণমুখী প্রকল্প। যেসব এলাকায় সরকারি খাসজমি পাওয়া যায়নি সেখানে আশ্রয়ণ প্রকল্পের জন্য জমি কিনে বাড়ি করে দেওয়ার ব্যতিক্রমী নজির গড়েছে সরকার। এরইমধ্যে আশ্রয়ণ প্রকল্প সৃজনশীল কর্মের স্বীকৃতি পেয়েছে। এর স্বত্বাধিকার দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে। কপিরাইট রেজিস্ট্রেশন সনদে সৃজনশীল কর্মের নাম দেওয়া হয়েছে ‘আশ্রয়ণ: অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেল’। আশ্রয়ণ শুধু একটি ঘর নয়। সেখানে মানুষ মাথা গোঁজার ঠাঁই যেমন পেয়েছে, তেমনি স্বাস্থ্য পরিষেবাও পাঁচ্ছে, স্যানিটেশন পাঁচ্ছে। বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। সুপেয় পানির ব্যবস্থা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর এই দূরদর্শী কাজের মাধ্যমে দেশের দরিদ্র মানুষের জীবনমানে ব্যাপক পরিবর্তন এসেছে। তাদের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, পেশাগত উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, পুষ্টিসহ সব ক্ষেত্রে আশ্রয়ণের অসাধারণ ভূমিকা রয়েছে। আশ্রয়ণ প্রকল্পে সরকারের কল্যাণকামী ভাবমূর্তি একটি বিশেষ পর্যায়ে উন্নীত হয়েছে। সব মহল থেকেই এই প্রকল্পের প্রশংসা করা হয়েছে। দেশের সব মানুষের স্থায়ী ঠিকানা হোক- এটাই আমাদের প্রত্যাশা।