পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ (চাটমোহর) এর আওতাধীন উপজেলাসমূহে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি থামছেনা। প্রতিনিয়ত ঘটছে চুরির ঘটনা। সমিতির সূত্রমতে গত এক মাসে ২৫টির অধিক ট্রান্সফরমার চুরি হয়েছে। সর্বশেষ গত শুক্রবার (৪ আগস্ট) দিবাগত রাতে চাটমোহর উপজেলার আগশোয়াইল মাঠ থেকে ১০ কেভির ৩টি ট্রান্সফরমার চুরি হয়েছে। সেচযন্ত্র পরিচালনা সমিতির ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম জানান, চোর রাতের কোন এ সময় ট্রান্সফরমার তিনটি চুরি করেছে। যার মূল্য দেড় লক্ষাধিক টাকা। এতে আমাদের ক্ষতি হয়েছে। কারণ টাকা দিয়ে পুনরায় ট্রান্সফরমার কিনতে হবে। ট্রান্সফরমার চুরি বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তারা জানান,এ ব্যাপারে গণসচেতনতা দরকার। সবাইকে সতর্ক হতে হবে। চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা জানান, যারা বিদ্যুৎ নিয়ে কাজ করে, তারাই হয়তো এ চুরির সাথে জড়িত। আমরা চেষ্টা করছি ট্রান্সফরমার চুরির সাথে জড়িতদের চিহ্নিত করে আটক করার।