বিবেকের তাড়না থেকে দায় মুক্তি পেতে ট্রেনে দুই বছর যাতায়াতের পর ওই সময়ের সম্পূর্ন টিকিটের টাকা পরিশোধ করেছেন আবু রায়হান নামের এক ব্যক্তি। রোববার (৬ আগস্ট) দুপুরে রাজশাহীতে থাকা পশ্চিমাঞ্চল রেলওয়ের সদর দপ্তরের মহাব্যবস্থাপকের (জিএম) কার্যালয়ে গিয়ে তিনি দায় স্বীকার করে এ ভাড়া পরিশোধ করেন। এর আগে তিনি টানা দুই বছর টিকিট ছাড়াই সান্তাহার-রাজশাহী ও রাজশাহী-ঢাকা রুটে যাতায়াত করেছেন। কিন্তু শেষ পর্যন্ত বিবেকের তাড়নায় দায় মুক্তি পেতে নিজে গিয়েই ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ওই দুই বছরের টিকিটের টাকা পরিশোধ করেন। আর এমন ব্যতিক্রম ঘটনাটি জানিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) তার নিজ ফেসবুক পেজে পোস্ট করেন।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার তার ফেসবুক পেজে লেখেন, আজ (৬ আগস্ট) আবু রায়হান নামে এক ব্যক্তি নওগাঁ জেলার মান্দা উপজেলা থেকে হঠাৎ আমার অফিসে হাজির হয়ে টিকিট ছাড়াই ট্রেনে যাতায়াতের বিষয়টি বলেন। ট্রেনে দায়িত্বরত টিকেট পর্যবেক্ষকদের ফাঁকি দিয়ে তিনি ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত সান্তাহার-রাজশাহী ও রাজশাহী-ঢাকা রুটে টিকিটবিহীন অবস্থায় যাতায়াত করেছেন। হিসাব করে দেখা গেছে টিকিটের মূল্য ছিল ৮৯০ টাকা। তিনি সেই দায় মুক্ত হতে আজ এ টাকা সরকারি খাতে জমা দিয়েছেন। আবু রায়হান উপলব্ধি করেছেন এ টিকিট না কেটে তিনি শুধু নিজেকেই ফাঁকি দিচ্ছেন না, দেশের জনগণকেও ঠকাচ্ছেন। আর সেই চেতনা থেকেই তিনি আজ এ টাকা জমা দেওয়ার জন্য আমার কাছে আসেন। টাকাটা পেপার টিকিটের মাধ্যমে গ্রহণ করার পর তিনি জানালেন বিরাট একটা বোঝা যেন তার মাথা থেকে নেমে গেছে। এখন তিনি খুবই হালকা বোধ করছেন। আমরা তার এ আত্মোপলব্ধি ও চেতনাকে গভীরভাবে শ্রদ্ধা জানাই।
পরে এ ঘটনায় অসীম কুমার তালুকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটি একটি দৃষ্টান্ত। মানুষের মধ্যে বিবেকবোধ জাগ্রত করতে ও জনসচেতনতা বাড়াতেই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছি।