পাবনার সাঁথিয়ায় বিক্ষোভ সমাবেশে না যাওয়ায় মারধর করে মহিলাসহ চার জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে উপজেলার নাগডেমড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ সমর্থক লোকজনের বিরুদ্ধে। আহতরা হলেন,সাঁথিয়া পৌরসভাধীন ছোট পুঠিপাড়া গ্রামের ইউনুছ (৬৫), মতিন (৬০) ইউসুফের স্ত্রী নুরজাহান বেগম (৫০) মতিনের স্ত্রী ফরিদা বেগম (৪৫)। আহদেরকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার(৬জুলাই) সকালে সাঁথিয়া পৌরসভাধীন ছোট পুঠিপাড়া গ্রামে।
হাসপাতালে চিকিৎসাধীন ফরিদা বেগম জানায়,গত শুক্রবার (৪জুলাই) সকালে নাগডেমড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ওই ইউনিয়নের ‘খ’ অঞ্চল আ.লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদকে দুর্বৃত্তরা হাতুরি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এরই প্রতিবাদে গত শনিবার (৫জুলাই) বিকেলে নাগডেমড়া ইউনিয়ন আ.লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সেখানে তারা উপস্থিত না হওয়ায় গতকল রোববার সকালে হারুন সমর্থক লোকজন আমার বাড়িতে এসে স্বামী ও ভাশুরের নাম ধরে ডাকে। তাদের ডাকে তারা এগিয়ে গেলে সমাবেশে কেন যাসনি এই বলে বেদম মারধর করে রক্তাক্ত জখম করে। পরে আমার স্বজনেরা আমাদেরকে হাসপাতালে নিয়ে আসেন। রিপোর্ট লেখা পর্যন্ত সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রস্ততি চলছে বলেও জানান ফরিদা বেগম।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।