তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন, যাতে করে বাংলাদেশের প্রতিটা নাগরিক রাষ্ট্রের সমস্ত সুযোগ-সুবিধা ভোগ করতে পারে। তিনি রাষ্ট্রের সকল নাগরিকের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, ও চিকিৎসার মতো মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার ব্যবস্থা করেছিলেন। কিন্তু তাঁর মৃত্যুর পরবর্তী একুশ বছরে ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আমাদের দেশের প্রতিবন্ধী ও সাধারণ দরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যে সরকারগুলো কোনো ব্যবস্থা নেয় নি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী সেই স্বপ্ন পূরণে কাজ করছেন।
শনিবার দুপুরে নাটোরের সিংড়ায় শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মবার্ষিকী উদযাপন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহিদ সদস্যদের আত্মায় মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এর আগে শেখ কামাল আইটি ট্রেনিং এ- ইনকিউবেশন সেন্টারে শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন প্রতিমন্ত্রী পলক।
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও সিংড়া উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মাহমুদা খাতুন। উপস্থিত ছিলেন শেখ কামাল আইটি ট্রেনিং এ- ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক মোস্তফা কামাল, নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঞাঁ, জেলা পর্যায়ে হাইটেক পার্ক স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক এ কে এম ফজলুল হক, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল প্রমূখ।