আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, সিংড়াসহ বাংলাদেশে ৯ লাখ গৃহহীন পরিবার ঘর পেয়েছে। তরুণদের কর্মসংস্থানের জন্য হাইটেক পার্ক স্থাপন করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন আমার স্বপ্ন সিংড়ার ৫ লাখ মানুষের জন্য ৫০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক চক্ষু, দন্ত ও ডায়াবেটিক হাসপাতাল নির্মাণ করা হবে। শুক্রবার নাটোরের সিংড়া দমদমা পাইলট স্কুল এ- কলেজ মাঠে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পলক এসব কথা বলেন।
আল বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন আয়োজনে ও সিংড়া ডায়াবেটিক সমিতির সার্বিক তত্ত্বাবধানে বিনামূল্যে এই চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রায় পাঁচ হাজার রোগীর নিবন্ধন করে ১৪ জন চিকিৎসকের সেবা গ্রহণ করেছেন। ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ডাঃ আহমেদ তাহের হামিদ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি ওহিদুর রহমান, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, ইউএনও মাহমুদা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, সিংড়া পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক আনিছুর রহমান লিখন প্রমূখ।