বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) আর্থিক দায়দেনা ও ভর্তুকির পরিমাণ ক্রমাগত বেড়েই চলেছে। আগামী ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটে শুধু সুদ ব্যয়ই নয়, সেই সঙ্গে ভর্তুকি বাবদ ব্যয়ও বেড়েছে। দেশের চাহিদা মেটাতে বিপিডিবিকে প্রায় অর্ধেক বিদ্যুৎই ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসারস (আইপিপি) ও ভাড়াভিত্তিক কেন্দ্র থেকে কিনতে হচ্ছে। তবে দেশের সরকারি বিদ্যুৎ কেন্দ্রের বাইরে বেসরকারি খাত থেকে বেশি বিদ্যুৎ নেয়ার পেছনে মূলত জ্বালানি সংকট অন্যতম কারণ। পাশাপাশি বিপিডিবির অদক্ষ কেন্দ্র ও উৎপাদন খরচ বেশি হওয়ায় এক ধরনের বাধ্য হয়ে বেসরকারি খাত থেকে বেশি বিদ্যুৎ নিয়েছে সংস্থাটি এবং বছরের পর বছর বিদ্যুৎ কেনাবেচায় বিপুল পরিমাণ লোকসানের পাশাপাশি এ নিষ্ফল ব্যয় প্রতিষ্ঠানটিকে আর্থিকভাবে নাজুক অবস্থানে এনে ফেলেছে। ঋণ পরিশোধ দূরের কথা, স্বাভাবিক কার্যক্রম পরিচালনাই সংস্থাটির জন্য কঠিন হয়ে পড়েছে। সব মিলিয়ে বিদ্যুৎ খাত এখন সরকারের ভর্তুকি ও ঋণের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছে। অর্থ মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এ ঋণের অর্থকে ভর্তুকিতে রূপান্তরের কোনো সুযোগ ও নেই। ফলে বিপিডিবি ও অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এ বিষয়ে বৈঠকের মাধ্যমে যৌক্তিক কোনো সমাধানে আসা প্রয়োজন। কিন্তু বিপিডিবি কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এ বিষয়ে তেমন কোনো উদ্যোগ নেই। তাই এ বিষয়ে কোনো সমাধানও আসছে না। এমনকি অর্থ মন্ত্রণালয় বারবার তাদের প্রস্তাব নাকচ করলেও বিপিডিবি কিংবা বিদ্যুৎ বিভাগ এ বিষয়ে নতুন কোনো প্রস্তাব পাঠাতে পারছে না। যার কারণে বিষয়টি বছরের পর বছর ঝুলে রয়েছে। অবশ্য ভর্তুকি বৃদ্ধির চাপ আগে থেকেই ছিল। যেমন ২০২০-২১ অর্থবছরে ভর্তুকি ছিল ৫৩ হাজার ৮৫২ কোটি টাকা, যা পরে বাড়িয়ে ৬৬ হাজার ৮২৫ কোটি টাকা করতে হয়। পুরনো অনেক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যেগুলো সক্ষমতায় যুক্ত রয়েছে। অদক্ষ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন খরচ বেশি। বিপিডিবি বেশি বিদ্যুৎ পেতে তাই বেসরকারি খাতের তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতি নির্ভরশীল। আর তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ব্যয়বহুল। ফলে সেখানে বিদ্যুতের উৎপাদন খরচ বেশি হয়েছে। অর্থ ব্যয় হয়েছে বেশি। তাই সরকারকে এখন সংস্থাটির এ বিপুল পরিমাণ লোকসান থেকে রক্ষার জন্য এগিয়ে আসতে হবে এবং সংস্থাটিকে রক্ষা করতে হবে। কেননা বিদ্যুৎ খাত পরিচালনা করতে গিয়ে প্রচুর অর্থ ব্যয় হয়েছে। একই সঙ্গে আগামীতে যাতে পিডিবি আর ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য সরকারকে বিদ্যুৎ ক্রয় চুক্তি, বিদ্যুতের উৎপাদন সক্ষমতা এবং আইপিপি খাতের বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখতে হবে।