স্বাস্থ্য সকল সুখের মূল। সুস্বাস্থ্য বজায় রেখে বেঁচে থাকার জন্য সুষম খাবারের পাশাপাশি বিশুদ্ধ নির্মল বায়ু অত্যাবশ্যক। বিশুদ্ধ নির্মল বায়ুর অভাবে প্রাণী স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ে। ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরগুলোর একটি। ঢাকায় চারদিকে ধূলিকণা ভাসে কুয়াশার মতো। বায়ুদূষণজনিত রোগে দেশে কতো সংখ্যক মানুষ আক্রান্ত, তার কোনো সরকারি পরিসংখ্যান নেই। হাঁচি-কাশি, ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্ট থেকে শুরু করে হতে পারে ফুসফুসের ক্যান্সার। এর বড় কারণ দূষিত বায়ু। এ ছাড়া কিডনি ও হৃদরোগের কারণও হতে পারে বায়ুদূষণ। টানা কয়েকবছর বায়ু দূষণের শীর্ষে অবস্থান করছে ঢাকা। বর্ষাকালে কিছুটা উন্নতি হতে দেখা গেলেও গ্রীষ্ম ও শীকতালে শহরটিতে বায়ুদূষণের মাত্রা বেড়ে যায়। এক গবেষণায় দেখা যায় দৈনিক গড় বায়ুমান সূচকে ঢাকার বাসাতে দূষণ সবচেয়ে কম থাকে দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, যেখানে সূচক ১৫০-এর ওপরে, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এরপর ধীরে ধীরে আবার বাড়তে থাকে। পরবর্তী সময়ে মধ্যরাতের পর দূষণের মাত্রা সবকিছু ছাড়িয়ে যায়। মধ্যরাতে এখানকার বায়ুমানের সূচক থাকে গড়পড়তা (গ্যাসীয় ও কঠিন) ১৬২, যা 'অস্বাস্থ্যকর' বলে বিবেচিত। ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স অর্থাৎ একিউআই স্কোর হলো ১৮৬। স্কোর ১০১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর' ধরা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোর ‘খারাপ' এবং ৩০১ থেকে ৪০০ এর স্কোর ‘ঝুঁকিপূর্ণ' বলে বিবেচিত হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ বিধিমালা অনুসারে, এক বছরে বাতাসে দূষিত অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫) প্রতি ঘনমিটারে ১৫ মাইক্রোগ্রাম পর্যন্ত অনুমোদিত। পার্টিকুলেট ম্যাটার (পিএম-২.৫) হলো বাতাসে থাকা সব ধরনের কঠিন এবং তরল কণার সমষ্টি, যার বেশিরভাগই বিপজ্জনক যা মানবদেহে প্রাণঘাতী ক্যান্সারের মতো রোগের সৃষ্টি করে। বায়ুদূষণকে ২০১৯ সালে বাংলাদেশে মৃত্যু এবং অক্ষমতার দিকে নিয়ে যাওয়া দ্বিতীয় বৃহত্তম ঝুঁকির কারণ হিসাবে চিহ্নিত করা হয়৷ এখানে বছরে কমপক্ষে ৮০ হাজার মানুষ বায়ুদূষণের কারণে মারা যায়৷ বায়ুদূষণ নিয়ে দেশের মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। সর্বপ্রথমে আমাদের নিজেদের সচেতন হতে হবে। এখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা যাবে না। অনেক সময় দেখা যায় ময়লা আবর্জনা পুড়িয়ে ফেলা হয়,কিন্তু তাতে পরিবেশের আরো বেশি ক্ষতি হয়। সরকারকে বায়ুদূষণ রোধে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। অবৈধ ইটভাটা, গাড়ির কালো ধোঁয়াসহ নির্মাণ কার্যক্রম থেকে সৃষ্ট বায়ুদূষণ, বিশেষ করে বড় বড় নির্মাণ কার্যক্রমের দূষণের বিরুদ্ধে জোরদার অভিযান পরিচালনা করতে হবে। নির্মাণ, যানবাহন, শিল্পকারখানার দূষণ নিয়ন্ত্রণ করা গেলেই ঢাকার বায়ুদূষণ অনেকাংশে কমে আসবে। এছাড়াও রাস্তায় পানি ছিটানোসহ ধুলোবালি পরিষ্কারের জন্য পদক্ষেপ এবং পৌরবর্জ্য পোড়ানোর বিরুদ্ধে সিটি কর্পোরেশনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। নির্মল বায়ু এবং টেকসই পরিবেশ ছাড়া প্রাণী ও জীববৈচিত্র্য কোনোটিই নিরাপদ নয়। তাই বাংলাদেশে সরকারের পরিবেশ দূষণ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি।