বাংলাদেশে পরিবেশ দূষণের কোনো শেষ নেই। পরিবেশ দূষণ বর্তমানে অসহনীয় মাত্রায় পৌঁছেছে। নানাভাবে আমরা আমাদের পরিবেশকে দূষিত করছি। এই দূষণগুলোর মধ্যে কিছু কিছু দূষণের মাত্রা অতিরিক্তও ছাড়িয়ে গেছে। শব্দ দূষণ তার ভিতর অন্যতম। মানুষ সাধারণত ২০-২০,০০০ হার্টজ সীমার মধ্যে শব্দ শুনতে পায়। এই সীমার বাইরে অতিরিক্ত জোরে শব্দ হলেই তা শব্দ দূষণ হিসেবে পরিগণিত হয়। মানুষের শ্রবণ ইন্দ্রিয় দ্বারা নির্দিষ্ট মাত্রার শব্দই গ্রহণ করতে পারে। অতিরিক্ত জোরালো শব্দ মানুষের শরীরে বিরূপ প্রভাব পড়ে। শব্দ দূষণকে বলা হয় নীরব ঘাতক। শব্দ দূষণ একধরনের মারাত্মক পরিবেশ দূষণ। আমাদের সঠিক অনুধাবনের অভাবে দিন দিন এই দূষণের মাত্রা বেড়েই চলেছে। দ্য ইকোনমিস্টের ইন্টেলিজেন্সের তালিকা অনুযায়ী, বিশ্বের বসবাসের অনুপযোগী শহরের তালিকায় বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে আছে। তার অন্যতম প্রধান কারণ শব্দদূষণ। গাড়ীর হর্ন, মাইকের আওয়াজ, বাজির শব্দ, এরোপ্লেনের শব্দ, কলকারখানার শব্দ ইত্যাদিতে মানুষের স্থায়ী বোধিরতা থেকে শুরু করে আরো অনেক রোগের সৃষ্টি হয়। বাংলাদেশে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে, শব্দদূষণ একটি দণ্ডনীয় অপরাধ। প্রথমবার অপরাধের জন্য অনধিক এক মাস কারাদণ্ড বা অনধিক ৫ হাজার টাকা অর্থদণ্ড বা উভদণ্ড। আর পরবর্তী অপরাধের জন্য অনধিক ৬ মাস কারাদণ্ড বা অনাধিকারে ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভদণ্ড হতে পারে। দেশে এই আইন থাকলেও তার প্রয়োগ খুব কমই দেখা যায় ফলে দিনেদিনে বেড়েই চলছে শব্দ দূষণ। কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণে করলে এই দূষণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এই সমস্যা মোকাবিলা করতে আমাদের সচেতন হওয়ার পাশাপাশি সদিচ্ছার কোনো বিকল্প নেই। এ জন্য আমাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল ও সহনশীল হতে হবে। আমাদের সামাজিক অনুষ্ঠানে বেশি জোরে গান বা বাজনা বাজানো থেকে বিরত থাকতে হবে। গাড়িতে হাইড্রোলিক হর্নের ব্যাবহার এড়িয়ে চলতে হবে। এই দূষণ প্রতিরোধ করতে দেশের নাগরিকদের পাশাপাশি সরকারকেও বেশ কিছু কার্যকরী পদক্ষেপ নিতে হবে। শব্দমাত্রা পরিমাপক যন্ত্রের মাধ্যমে উচ্চস্বরের শব্দ নিয়ন্ত্রণ করতে হবে। রাস্তার পাশে সাউন্ড বেরিয়ারের জন্য গাছ লাগালেও শব্দ দূষণ কিছুটা প্রতিরোধ করা সম্ভব। যানবাহনে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। যানবাহন বেশি পুরনো হয়ে গেলে নতুন নিতে হবে। দেশের কলকারখানা গুলো শব্দ দূষণের অন্যতম কারণ তাই কলকারখানা গুলো লোকালয় থেকে দূরবর্তী স্থানে প্রতিস্থাপন করতে হবে। স্কুল-কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে কাছাকাছি গাড়ির হর্ন বাজানো বন্ধ করতে হবে,প্রয়োজনে আইনের কঠোর প্রয়োগ করতে হবে। ঘনবসতিপূর্ণ স্থানে রেললাইনের দুপাশে দেওয়াল করে তুলতে হবে যাতে করে শব্দ বাইরে কম বের হতে পারে। সর্বোপরি নাগরিক হিসেবে আমাদের আইন যথাযথভাবে মেনে চলতে হবে। হতে হবে সচেতন, তবেই আমারা শব্দ দূষণের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করতে পারবো।