কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পাঠদান অবস্থায় বজ্রপাতে আহত ৯ শিক্ষার্থীর দেখা দিয়েছে খিঁচুনি ও মারাত্মক শ্বাসকষ্ট। পরে রাতেই উন্নত চিকিৎসার জন্য ৮ শিক্ষার্থীকে রাজারহাট উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে এ তথ্য জানিয়েছেন, রাজারহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ মিজানুর রহমান।
এর আগে সোমবার (২৪ জুলাই) দুপুরের দিকে উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপাশা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ক্লাস চলাকালীন সময়ে এ বজ্রপাতের এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে দুপুরেই রাজারহাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে আহত শিক্ষার্থী শরীরের বিভিন্ন অঙ্গে খিঁচুনি এবং মারাত্মক শ্বাসকষ্ট দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক রাতেই উন্নত চিকিৎসার জন্য তাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। কুড়িগ্রাম হাসপাতালে প্রেরণকৃত আহত শিক্ষার্থীরা হলো আবদুর রাজ্জাক, নাজমিন নাহার, সুমাইয়া, রোকসানা, আফরোজা, নির্রমা, ফারজানা ও সানজিদা।
চাকিরপশা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মানিক মিয়া বলেন, আহত শিক্ষার্থীরা তো সারাদিন ভালোই ছিল। সন্ধ্যার পর থেকে কয়েকজনের শরীরে খিঁচুনি ও শ্বাসকষ্ট দেখা দিলে এখানকার চিকিৎসকরা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
রাজারহাট উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ মিজানুর রহমান বলেন, বজ্রপাতে আহত শিক্ষার্থীরা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভালো ছিলো। চলাফেরা খাওয়া দাওয়া সবকিছুই করেছে। সন্ধ্যার পর থেকে তাদের কয়েকজনের খিঁচুনি ও শ্বাসকষ্ট দেখা দিলে আমরা ঊর্ধ্বতনও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ৯ জনের মধ্যে ৮ জন শিক্ষার্থীকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করি। আর একজন ছাত্র আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকালে কুড়িগ্রাম সিভিল সার্জন মনজুর মোর্শেদ বলেন, শ্বাসকষ্ট আর খিঁচুনির কারণে আহতদের উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। আমরা তাদের সার্বক্ষনিক অবজারভেশনে রেখেছি। আশা করি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারবে।