আন্তর্জাতিক সংজ্ঞানুযায়ী, সাক্ষরতা হচ্ছে পড়া, অনুধাবন করা, মৌখিকভাবে ও লেখার বিভিন্ন পদ্ধতিতে ব্যাখ্যা করা, যোগাযোগ স্থাপন করা এবং গণনা করার দক্ষতা। অর্থাৎ সাক্ষরতা বলতে লিখতে, পড়তে, গণনা করতে ও যোগাযোগ স্থাপন করার সক্ষমতাকে বোঝানো হয়। সাক্ষরতা নিরূপণের ক্ষেত্রে যারা লিখতে ও পড়তে পারত, তাদের সাক্ষর হিসেবে গণ্য করা হতো। যে সাক্ষরতা বাস্তব জীবনে প্রয়োগ করা যায়, সেটাই প্রায়োগিক সাক্ষরতা। প্রায়োগিক সাক্ষরতায় লিখতে ও পড়তে পারার পাশাপাশি আরো দুটি বিষয় যোগ হয়। বুঝতে পারা ও সাধারণ যোগফল যুক্ত করা হয়; যেমন-সাধারণ জ্ঞান বা নজরুল ও রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেখে বলতে পারবে জাতীয় ও বিশ্বকবি ইত্যাদি। এ ছাড়া কিছু অঙ্ক কষতে জানতে হবে; যেমন- যোগ ও বিয়োগ করা শিখলে সব মিলিয়ে তাদের প্রায়োগিক সাক্ষর মানুষ বলা যায়। দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনের যে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে, তাতে বলা আছে, ২০৩০ সালের মধ্যে দেশকে নিরক্ষরমুক্ত করতে হবে। ২০২২ সালের জনশুমারির প্রাথমিক তথ্য অনুযায়ী জাতীয়ভাবে সাক্ষরতার হার ৭৪.৬৬ শতাংশ। সাক্ষর পুরুষের হার ৭৬.৫৬ শতাংশ এবং সাক্ষর নারী ৭২.৮২ শতাংশ। আগের জনশুমারির সময় জাতীয়ভাবে সাক্ষরতার হার ছিল ৫১.৭৭ শতাংশ। ২০১১ সালের জনশুমারির প্রতিবেদন বলছে, সাক্ষর নারী গ্রামে ৪৫.৩৮ শতাংশ এবং ওই সময় শহরে পুরুষদের ক্ষেত্রে তা ছিল ৪৯.০১ শতাংশ। দেশে বর্তমানে সাক্ষর মানুষের সংখ্যা (সাত বছর ও তদূর্ধ্ব) ১২ কোটি ৩৩ লাখ সাত হাজার ৮২৪। ২০১১ সালে তা ছিল সাত কোটি ৪৫ লাখ ৭১ হাজার ৪২১। ১১ বছরে দেশে সাক্ষর মানুষের সংখ্যা বেড়েছে চার কোটি ৮৭ লাখ ৩৬ হাজার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘প্রায়োগিক সাক্ষরতা জরিপ ২০২৩’-এর প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ১১ থেকে ৪৫ বছর বয়সীদের মধ্যে প্রায়োগিক সাক্ষরতার হার ৭৩.৬৯ শতাংশ, যা ২০১১ সালে ছিল ৫৩.৭০ শতাংশ। ১২ বছরের ব্যবধানে এ ক্ষেত্রে প্রায়োগিক সাক্ষরতার হার বেড়েছে ১৯.৯৯ শতাংশ। বিবিএস প্রতিবেদন অনুযায়ী, দেশে সাত বছর এবং তদূর্ধ্ব মানুষের মধ্যে বর্তমানে প্রায়োগিক সাক্ষরতার হার ৬২.৯২ শতাংশ। এর মধ্যে পুরুষ ৬৩.৯৭ ও নারী ৬১.৬৬ শতাংশ। আর সাত থেকে ১৪ বছরের মধ্যে প্রায়োগিক সাক্ষরতার হার ৭২.৯৭ শতাংশ এবং ১৫ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের ক্ষেত্রে প্রায়োগিক সাক্ষরতার হার ৬০.৭৭ শতাংশ। বিশেষজ্ঞরা মনে করেন, দেশে বর্তমানে সাক্ষরতার হার বাড়ানোর জন্য সরকারকে সাক্ষরতাকেন্দ্রের প্রসার ঘটানোর পাশাপাশি দেশের যেসব অঞ্চলে সাক্ষরতার হার কম, সেসব অঞ্চলে এই কেন্দ্রগুলোর বেশি করে প্রসার ঘটাতে হবে।