কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ক্লাস চলাকালীন সময়ে বজ্রপাতে শিক্ষকসহ ১০জন মাদ্রাসার শিক্ষার্থী গুরত্বর আহত হয়েছে। সোমবার (২৪জুলাই) দুপুর পৌনে ১টায় উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপাশা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে রাজারহাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আহত শিক্ষার্থীরা হলো-৬ষ্ঠ শ্রেণির সুমাইয়া, ৯ম শ্রেণির আবদুর রাজ্জাক, নাজমিন নাহার, রোকসানা, আফরোজা, আলী রাজ, সানজিদা, ১০ শ্রেণির নির্রমা ও তহমিনা। মাদ্রাসার সুপার মানিক মিয়া বলেন, ক্লাস চলাকালীন সময়ে হটাৎ বজ্রপাতে মাদ্রাসার ষষ্ঠ নবম ও ১০ শ্রেণির ৯জন শিক্ষার্থী গুরত্বর আহত হয়। এ সময় শাহানাজ পারভীন নামের একজন সহকারি শিক্ষকও আহত হয়। তাদেরকে দ্রুত উদ্ধার করে আমরা হাসপাতালে ভর্তি করেছি। এ ছাড়া বজ্রপাতে মাদসার উপরের টিনগুলো ঝলসে গেছে। শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কে রয়েছে।
রাজারহাট উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বজ্রপাতে আহত ৯জন মাদ্রাসার শিক্ষার্থী হাসপাতালে আসলে আমরা দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করি। আহতদের মধ্যে ৭জন মেয়ে আর দুইজন ছেলে রয়েছে। এই ৯জনের মধ্যে দুজনের অবস্থা মোটামুটি ভালো। বাকিদের আমরা অবজারভেশনে রাখছি।
রাজারহাট থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান বলেন, দুপুরের দিকে হটাৎ বজ্রপাতে মাদ্রাসার ৯জন শিক্ষার্থী আহত হয়েছে। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম বলেন, বিষয়টি জানতে পেরেছি। তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা নেয়া হবে।