পাবনার সুজানগরে প্রতিপক্ষের হামলায় মা স্বপ্না খাতুন (৫০) ও ছেলে মুরছালীন মিয়া (১৬) আহত হয়েছে। গত বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে। আহত স্বপ্না খাতুন সুজানগর উপজেলার আমিনপুর থানাধীন দুর্গাপুর গ্রামের মৃত-বেলায়েত হোসেন মিয়ার স্ত্রী। আহত দু’জনকেই পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আমিনপুর থানায় একটি মামলা হয়েছে।
থানায় দায়ের করা মামলা থেকে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে পার্শ্ববর্তী চরবোয়ালিয়া গ্রামের আনিছুর রহমান ও আমজাদ হোসেন তাদের আরো লোকজন নিয়ে ওই স্বপ্না খাতুনের বাড়িতে অনধিকার প্রবেশ করে। একপর্যায়ে তারা স্বপ্না খাতুনকে উদ্দেশ্য করে অশ্লিল ভাষায় গালমন্দ করে। এ সময় স্বপ্না খাতুন ও তার ছেলে মুরছালীন প্রতিবাদ করলে তারা প্রথমে স্বপ্না খাতুনকে এবং পরে মুরছালীনকে লোহার রড দিয়ে উপর্যুপরি মারপিট দিয়ে আহত করে। প্রসঙ্গত উল্লেখ্য ওই আমজাদ একটি হত্যা মামলার আসামী। তাছাড়া আমজাদ ও আনিছুর আইনের পরিপন্থী বিভিন্ন কর্মকা-ের সাথে জড়িত বলেও এলাকাবাসীর অভিযোগ। আমিনপুর থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান বলেন এ ঘটনায় ৮জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। পুলিশ আসামীদের ধরতে অভিযান পরিচালনা করছে।