বীর মুক্তিযোদ্ধাদের ৬৬টি পরিবারের জন্য সরকারি অর্থায়নে পাকা বাড়ি ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধণ করা হয়েছে। রোববার সকালে জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের টেমার গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম জাহাঙ্গীর হোসেন সেরনিয়াবাতের উত্তরসূরী আনিস সেরনিয়াবাতের বাড়ি নির্মাণ কাজের উদ্বোধণের মধ্যদিয়ে উপজেলার পাঁচটি ইউনিয়নে ৬৬টি ‘বীর নিবাস’ নির্মান কাজের উদ্বোধণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নিবাহী অফিসার ও ‘বীর নিবাস’ নির্মান প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মো. সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোশারফ হোসেন প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অর্থায়নে আগৈলঝাড়া উপজেলার অসচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার সদস্যদের জন্য দ্বিতীয় পর্যায়ে পাঁচটি ইউনিয়নে আটটি প্যাকেজের আওতায় ৬৬ টি ‘বীর নিবাস’ নির্মাণ কাজ বাস্তবায়ন করা হবে। প্রতিটি বাড়ির জন্য ১৫ লাখ ৫০ হাজার ৪২০টাকা বরাদ্দে দরপত্রে কার্যাদেশ প্রদান করা হয়েছে মেসার্স সেরনিয়াবাত ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্বাস সেরনিয়াবাতকে।
সূত্রে আরও জানা গেছে, একতলা বিশিষ্ট প্রতিটি পাকা বাড়ি হবে ৬৩৫ স্কয়ার ফিটের। এরমধ্যে দুইটি প্রধান কক্ষ টাইলসসহ (বেড রুম), একটি অতিথি কক্ষ (ড্রয়িং রুম), একটি খাবার কক্ষ (ডাইনিং রুম), একটি রান্না ঘর ও দুইটি বাথরুম রয়েছে। এর আগে প্রথম পর্যায়ে ১৪ লাখ ১০ হাজার ৩৮২টাকা ব্যয়ে উপজেলায় ১২টি ‘বীর নিবাস’ নির্মাণ করা হয়েছে।