ভৌগোলিকভাবে বাংলাদেশ একটি বৃষ্টিপ্রবণ এলাকা। মাত্রাতিরিক্ত বৃষ্টিপাতের ফলে দেশের ছোট-বড় সব শহরেই কমবেশি জলাবদ্ধতা দেখা দেয়। ড্রেনেজ সিস্টেম উন্নত করাসহ প্রয়োজনীয় পদক্ষেপের অভাবে প্রতি বছরই ভারি বৃষ্টি হলে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হয় রাজধানীবাসীকে। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে এক যুগে প্রায় ৩২০০ কোটি টাকা ব্যয় করা হলেও বৃষ্টি হলে রাজধানীতে জলাবদ্ধতা যেন নিয়মে পরিণত হয়েছে। এ দুর্ভোগ থেকে উত্তরণের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হলেও কোনটাই কাজে আসছে না। মূলত অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, বন্ধ নর্দমা, সরু নালা ও বর্জ্য জমায় পানি খালে পৌঁছতে না পারায় এ অবস্থার সৃষ্টি হয়। পাশাপাশি নগরবাসীর অসচেতনটা এই জলাবদ্ধতার প্রধান কারণ। তার ওপরে এই কুরবানি ঈদের ময়লা-আবর্জনা, বর্জ্য ড্রেনে ঢুকে পানি নিষ্কাশনের পথ অনেকটা রুদ্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা যেন মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে অবতীর্ণ হয়েছে। এ ছাড়া রাজধানীর খালসহ বিভিন্ন জলাশয় এখনো বেদখলে রয়ে গেছে। ফলে পানি নিষ্কাশনের জায়গা না থাকার কারণেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার। ২০২০ সালে ৩১ ডিসেম্বর ঢাকার জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব (খাল ও ড্রেনেজ) আনুষ্ঠানিকভাবে ঢাকা ওয়াসার কাছ থেকে দুই সিটি কর্পোরেশনকে হস্তান্তর করা হয়। পরে রাজধানীর জলাবদ্ধতা মোকবিলায় ঢাকা দক্ষিণ সিটি ১৩৬ ও উত্তর সিটি করপোরেশন ৪২টি স্পট শনাক্ত করেছে। দুই সিটি কর্পোরেশনই বেশ কয়েকটি বেদখল খাল উদ্ধারের পর ময়লা-আবর্জনামুক্ত করে। গেল বছর এর সুফলও পায় নগরবাসী। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, যথাযথ ব্যবস্থাপনার অনুপস্থিতিতে অনেক খাল আবারো আবর্জনায় ভরে গেছে। রাজধানী ও এর আশপাশের দখলকৃত খালগুলো উদ্ধারের পর যথাযথভাবে রক্ষণাবেক্ষণের পাশাপাশি পানি নিষ্কাশনের লক্ষ্যে সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করা হলে তা নগরীর জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জলাবদ্ধতা নিরসনে রাজধানীর খালগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। খালগুলো উদ্ধারে কর্তৃপক্ষকে আরো সোচ্চার হতে হবে। বিদ্যমান খালগুলো দখলমুক্ত ও খনন করে পানি প্রবাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রাজধানী ও এর আশপাশের নদী ও প্রাকৃতিক জলাধারগুলোর রক্ষণাবেক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া হলে সেগুলোও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকার চারপাশের চারটি নদণ্ডনদী- বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ, বালু এখন প্রায় মুমূর্ষু। বৃষ্টির পানি নিষ্কাশনের পর যে নদীতে যাবে, তার নাব্যও নিশ্চিত করতে হবে। তবে এই দায় শুধু জনপ্রতিনিধি বা প্রশাসনিক কর্মকর্তাদের নয়, নগরবাসীও অনেকটা দায়ী এই জলাবদ্ধতার জন্য। সরকার হাজার চেষ্টা করেও জলাবদ্ধতা সমস্যা সমাধান করতে পারবে না, যদি সাধারণ নাগরিকরা সচেতন না হয়। নগরবাসী যত্রতত্র আবর্জনা বা প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে ড্রেনেজ সিস্টেমগুলো বন্ধ হয়ে যায় ফলে বৃষ্টির পানি অপসরণ হতে পারেনা। নগরবাসীকে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। ঢাকার জলাবদ্ধতা দূরীকরণ কোনো সহজসাধ্য ও স্বল্প সময়ের কাজ নয়। এর জন্য দরকার সঠিক পরিকল্পনা, সঠিক সমন্বয় ও পরিকল্পিত কার্যক্রম।