কুড়িগ্রামের ফুলবাড়ীতে দীর্ঘ আড়াই বছর ধরে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ রয়েছে অ্যাম্বুলেন্স সার্ভিস। পুনরায় চালুর দাবিতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে ‘সচেতন নাগরিক সমাজের’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে ফুলবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক নুরে আলম কবির লেবু, ফুলবাড়ী প্রেসক্লাব সভাপতি এমদাদুল হক, বিভিন্ন সামাজিক সংগঠনের নাজিউর রহমান স্বাধীন, শাওন, মাহফুজার রহমান দরদ, মোশারফ হোসেন, মেহেদী হাসান, আম্বিয়া বেগম, পারুল আকতার, সাংবাদিক মাহাবুব হোসেন লিটু প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, চালক না থাকায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রায় দেড় কোটি টাকা মূল্যের তিনটি সরকারি অ্যাম্বুলেন্স আড়াই বছর ধরে গ্যারেজেই পড়ে আছে। এতে বেসরকারী অ্যাম্বুলেন্স বা মাইক্রোবাসে রোগী পরিবহনের জন্য অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে জনসাধারণকে। তাছাড়া ভোগান্তি ও হয়রানির ঘটনা ঘটছে অহরহ। তারা অবিলম্বে চালক নিয়োগ করে অ্যাম্বুলেন্স চালু করার জন্য কর্তৃপক্ষের নিকট দাবী জানান। আগামী এক সপ্তাহের মধ্যে অ্যাম্বুলেন্স চালু না হলে বৃহত্তর আন্দোলনের আল্টিমেটাম দেন মানববন্ধনে অংশ নেয়া বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।
জানা গেছে, ২০২১ সালের ১৩ জানুয়ারী ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক একাব্বর আলীকে হাসপাতাল কোয়াটারে সংঘটিত চুরির সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। তখন হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সাময়িক ভাবে বরখাস্ত করেন। তখন থেকে আড়াই বছরেরও বেশি সময় থেকে বন্ধ রয়েছে অ্যাম্বুলেন্স সার্ভিসটি।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুমন কান্তি সাহা জানান, অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অ্যাম্বুলেন্স চালু করা সম্ভব নয়। তারপরও এ বিষয়ে উপর মহলে জানানো হয়েছে। বিষয়টি সংসদ সদস্য ও সিভিল সার্জন পর্যন্ত জানানো হয়েছে। যতো তাড়াতাড়ি সম্ভব সমাধান হবে।