রংপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের উদ্যোগে ‘মাতৃভাষা পিডিয়া ভুক্তি লিখন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা হয়েছে। বৃহস্পতিবার সকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ। আর্ন্তজাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. হাকিম আরিফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জ¦ালানী ও খনিজ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকীর হোসেন, কারমাইকেল কলেজের অধ্যক্ষ ড. মোঃ আমজাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ।
কর্মশালায় জানানো হয়, ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ায় পৃথিবীর সব মাতৃভাষা সংরক্ষণে বাংলা ভাষাকে দায়বদ্ধ করে তুলেছে। এ থেকে সব মাতৃভাষার বিশ্বকোষ তৈরীর লক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট একটি মাতৃভাষা পিডিয়া প্রকাশের উদ্যোগ নিয়েছে। এতে মাতৃভাষায় ব্যবহৃত ধ্বনি, শব্দ, বাক্য, বাক্যের অর্থ ও প্রয়োগসহ নানা বিষয় সমৃদ্ধ হবে বিশ্বকোষ। এতে সব দেশের মাতৃভাষা স্থান পাবে। এ লক্ষ্যে মাতৃভাষার তথ্য পিডিয়ায় অর্ন্তভূক্তকারীরা কিভাবে তাদের কাজটি সম্পাদন করবেন এনিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।