কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় সৌর বিদ্যুৎ প্রকল্পে অগ্নিকাণ্ডে প্রায় ৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে ৪২০টি পরিবার বিদ্যুৎ সুবিধা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রোববার সকালে উপজেলার কোদালকাটি ইউনিয়নে কানেশিয়া সোলার প্যানেল সৌর বিদ্যুৎ প্রকল্পের ব্যাটারীর অতিরিক্ত চার্জ হওয়ায় তা বিস্ফোরণ হয়। ফলে এ দূর্ঘটনার সূত্রপাত ঘটে।
রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কু অগ্নিকান্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, এই প্রকল্প থেকে আমার ইউনিয়নের প্রায় ৪শ ২০জন পরিবার বিদ্যুৎ পেতো। আজ আগুন লেগে সবকিছু পুরে ছাই হয়ে গেছে। আমি বাহিরে থাকায় বিস্তারিত বলতে পারছি না। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শুনেছি।
জানা যায়, রোববার সকালের দিকে রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নে কানেশিয়া সোলার প্যানেল সৌর বিদ্যুৎ প্রকল্পের ব্যাটারীর অতিরিক্ত চার্জ হওয়ায় তা বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এরমধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রকল্পের ২৮৮টি ব্যাটারী, ৮টি অবগ্রিট মেশিন, ৮টি অনগ্রিট মেশিন আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ ছাড়া অন্যন্য মূল্যবান জিনিসপত্রও পুড়ে যায়। এতে প্রায় ৮ কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রকল্পের সংশ্লিষ্টরা দাবি করেন।
রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নে কানেশিয়া সোলার প্যানেল সৌর বিদ্যুৎ প্রকল্পের ব্যবস্থাপক জাহিদ হাসান জানান, সকালে ব্যাটারীর অতিরিক্ত চার্জ হওয়ায় তা বিস্ফোরণ ঘটে। এতে মালামাল পুড়ে প্রায় ৮-৯ কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, এ বিদ্যুৎ প্রকল্প থেকে কোদালকাটি চরের ৪২০জন পরিবারের মাঝে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এখন তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলে। কবে নাগাদ এ প্রকল্প চালু করা সম্ভব হবে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
রাজিবপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আবু হানিফ বলেন, ঘটনাটি জেনেছি। চারদিকে নদী থাকায় ঘটনাস্থলে যেতে পারিনি। তবে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন এখন নিয়ন্ত্রণে আছে বলে নিশ্চিত হয়েছি।