রাজশাহীর বাঘায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হৃদয় আহম্মেদ পাপ্পু (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। হৃদয় আহম্মেদ পাপ্পু বাঘা উপজেলার ঢাকাচন্দ্রগাথি গ্রামের সাহেদ আলীর ছেলে।
পারিবারিক সুত্রে জানা যায়, হৃদয় আহম্মেদ পাপ্পু গত ২ জুলাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনএসআই পরীক্ষায় ডেঙ্গু সনাক্ত হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ভর্তি করা হয়। সেখানে ৬ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। আসর নামাজ শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
পাপ্পুর বাবা সাহেদ আলী বলেন, কিছুদিন আগে অঞ্জনা খাতুন নামের মেয়ের সাথে ছেলেকে বিবাহ দিয়েছি । পাপ্পু ঢাকার মুন্সীগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের সিকিউরিটি গার্ড পদে চাকরি করতেন। সেখানে জ্বরে আক্রান্ত হন। ১ সপ্তাহ আগে জ্বর নিয়ে বাড়িতে এসেছিল।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আশাদুজ্জামান আশাদ জানান, হৃদয় আহম্মেদ পাপ্পু মারা গেছে শুনেছি। চলতি মাসে বাঘায় ৩ জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে।