নওগাঁর মহাদেবপুরে ভূয়া সংবাদ পরিবেশন করায় তিন জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ করা হয়েছে যে, মহাদেবপুর থেকে দৈনিক দেশ বাংলা সংবাদ ৭১.কম নামে একটি অনলাইন নিউজ পোর্টাল প্রকাশ করা হয়। এই পত্রিকার কোন প্রিন্ট ভার্সন বা ইপেপার ভার্সন না থাকলেও অন্য ছাপা পত্রিকার ইপেপারের নিউজ কার্টিং করে দেশ বাংলা সংবাদ ৭১ এর লোগো লাগিয়ে নিজেদের নামে দীর্ঘদিন ধরে বিভিন্ন মাধ্যমে প্রচার করে আসছিল। গত ২৬ জুন ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় দৈনিকে ‘মহাদেবপুর থানা পুলিশের আইজিপি পুরস্কার লাভ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে ওই পত্রিকার ইপেপার থেকে ওই নিউজের কার্টিং সংগ্রহ করে দেশ বাংলা সংবাদ ৭১ এর লোগো লাগিয়ে মহাদেবপুর থানার জার্নালিষ্ট গ্রুপ নামের হোয়াটস আপ গ্রুপে ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়।
অন্য পত্রিকা থেকে চুরি করে ভূয়া সংবাদ পরিবেশনের দায়ে ওই পত্রিকার প্রতিনিধি সাঈদ টিটো বাদী হয়ে দেশ বাংলা সংবাদ ৭১ এর সম্পাদক ও প্রকাশক রফিকুল ইসলাম রফিক, নির্বাহী সম্পাদক খোরশেদ আলম ও বার্তা সম্পাদক বরুণ মজুমদারের বিরুদ্ধে মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
বিষয়টি এলাকায় দারুন চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় প্রকৃত সাংবাদিকেরা এর তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের মতে ভূয়া সাংবাদিকদের দাপটে প্রকৃত সাংবাদিকেরা কোণঠাসা হয়ে পড়েছেন। অবিলম্বে সাংবাদিক পরিচয়দানকারি ভূয়াদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তাদের।