বগুড়া শেরপুরের শেরুয়া বটতলা এলাকায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে ছিনতাই চেষ্টাকালে শরিফুল ইসলাম (৪০) একজনকে আটক করে থানা পুলিশ। এ ঘটনায় গত বুধবার রাতে শরিফুল সহ ৩ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চক আঙ্গুরী পূর্বপাড়া গ্রামের মৃত আবদুর শুকুর মিয়ার ছেলে শরিফুল ইসলাম বিভিন্ন কোম্পানীতে চাকরী করছিল। চাকরী চলে যাওয়ার পর থেকে সে বিভিন্ন প্রতারণার সাথে জড়িয়ে পরে। এরই ধারাবাহিকতায় গত বুধবার বেলা আড়াইটার দিকে বগুড়া জেলার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের শেরুয়া বটতলা এলাকায় একটি সাদা রঙের মাইক্রো বাস থেকে ৪-৫ জন নেমে একটি ব্যাটারী চালিত অটোরিকশার গতি রোধ করে। মাইক্রবাস থেকে নামা তিনজন ব্যাক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশার যাত্রী উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের আবদুল খালেকের ছেলে সোহেল রানাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি রাজি না হলে তারা তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় সে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসে। এ সময় দুইজন মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়। পরে শরিফুলকে অবরুদ্ধ করে থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় সোহেল রানা বাদি হয়ে গত বুধবার রাতে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বলেন, শরিফুলের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকিদের সনাক্ত করার চেষ্টা চলছে।