দক্ষিণ এশিয়ার অন্যান্য অঞ্চলের মতো বাংলাদেশেও ব্যাপক দুর্নীতি হচ্ছে। আজকের দিনে এসেও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থার ঘরে পড়েছে শূন্য। বরং দুর্নীতি এখন নীতিতে পরিণত হয়েছে। ঘুষ হয়ে উঠেছে সমাজের স্বাভাবিক এক আচার। এর চেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে, ব্যাংক থেকে শতকোটি টাকা, হাজার কোটি টাকা তুলে নিচ্ছে বেনামি প্রতিষ্ঠান। এরপর তারা হাওয়া হয়ে যাচ্ছে। দেশে ডলার নেই, অথচ দেশের টাকা পাঁচার হয়ে যাচ্ছে বিদেশে। ঘুষ-দুর্নীতি কেবল আমলাদের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন একটা রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের ইউনিয়ন কমিটিতে জায়গা পেতেও টাকা সাধতে হয়। নির্বাচনে মনোনয়ন পেতে লেনদেন হয় এবং নির্বাচনী বৈতরণি পার হতেও লাগে গুচ্ছের টাকা। আজকে দেশে যে লোডশেডিং, ডলার-সংকট, মূল্যস্ফীতি-এসবের আদি কারণ এই দুর্নীতিই।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এক জরিপ থেকে জানা গেছে, বাংলাদেশের ৭০ দশমিক ৯ শতাংশ ‘খানা’ বিভিন্ন সরকারি ও বেসরকারি খাত বা প্রতিষ্ঠানের সেবা নিতে গিয়ে কোনো না কোনো খাতে দুর্নীতির শিকার হয়েছে। সেগুলোর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ৭৪ দশমিক ৪ শতাংশ সর্বাধিক দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত হয়েছে। এর পরেই রয়েছে পাসপোর্ট ৭০ দশমিক ৫ শতাংশ, বিআরটিএ ৬৮ দশমিক ৩ শতাংশ, বিচারিক সেবা ৫৬ দশমিক ৮ শতাংশ, সরকারি স্বাস্থ্যসেবা ৪৮ দশমিক ৭ শতাংশ, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ৪৬ দশমিক ৬ শতাংশ এবং ভূমিসেবা ৪৬ দশমিক ৩ শতাংশ। এসবের পরেও দুর্নীতিবাজেরা থেমে থাকেনি। এখন যে কর্মকর্তারা ঘুষ নেন না, তাঁরা সংখ্যালঘু। আগে মানুষ মনে করতেন, একটি বিশেষ বাহিনী ঘুষ খায়, আর এখন এমন কোনো দপ্তর নেই, যেখানে ঘুষ খাওয়া হয় না। সব জায়গায় সিন্ডিকেট করে ওই কর্মকর্তারা দুর্নীতি করেন। টাকা না দিলে কাজ হয় না। মাসের পর মাস ঘুরতে হয়।
বর্তমানে এখন বড় বড় রাঘববোয়াল টাকা বা ডলারে ঘুষ খান না। তাঁরা সোনার বারে ঘুষ নেন। দেশের যেসব সেবা প্রতিষ্ঠানের প্রতি মানুষ যত বেশি নির্ভরশীল, অনিয়ম-দুর্নীতি সেখানে তত বেশি। রাজউকে এখনো ঘুষ ছাড়া ফাইল নড়ে না। ঘুষের টাকা না দিলে মাসের পর মাস ফাইল পড়ে থাকে বিভিন্ন টেবিলে। ঘুষের টাকার জন্য জমি বা ফ্ল্যাট মালিকদের নানাভাবে হয়রানি করা হয়েছে। এমনকি পুলিশের বিরুদ্ধেও ঘুষ-দুর্নীতির অভিযোগের শেষ নেই। এখন টাকা ছাড়া সরকারি চাকরি হয় না। এটাও পুরোপুরি সত্য। তাই আজ বাংলাদেশে বেকারের সংখ্যা এত বেশি। হুমকির মুখে রয়েছে দেশ, তাই সরকারের উচিত ঘুষখোরদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও আইনের আওতায় এনে শাস্তি প্রধান করা। তাহলে হয়তো দেশটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যাবে।