বিশ্ববাজারে কিছুকিছু নিত্যপণ্যের দাম যে হারে বেড়েছে, দেশের বাজারে বেড়েছে তার চেয়ে বেশি। দেশীয় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির জন্য সরকারের নীতিনির্ধারকেরা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও আন্তর্জাতিক বাজারের দোহাই দিচ্ছেন। এশিয়া মহাদেশসহ পুরো বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশে জিডিপির তুলনায় রাজস্ব আদায়ের পরিমাণ খুব কম। ব্যবসায়ীদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, দেশীয় বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ার কারণ ডলার-সংকট ও ডলারের বিপরীতে টাকার প্রায় ২৫ শতাংশ অবমূল্যায়ন। দেশে উচ্চ মূল্যস্ফীতির জন্য বিশ্ববাজারকে দায়ী করার যে প্রবণতা দেখা যায়, সেটি এখন আর যৌক্তিক নয়; বরং মূল্যস্ফীতি এখন দেশীয় কারণেই বেশি হচ্ছে। সরকার যেমন ডলারের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না, তেমনি গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়ে মূল্যস্ফীতিকে উসকে দিয়েছে। জ্বালানি তেল ও গ্যাসের দাম বিশ্ববাজারে কমলেও দেশে কমানো হচ্ছে না। বরং এ খাত থেকে ভর্তুকি পুরোপুরি তুলে নিয়ে মুনাফা করছে সরকার। তাই এখন আর বিশ্ববাজারকে দায়ী করে লাভ নেই। দেশে মূল্যস্ফীতির কারণ এখন ডলারের মূল্যবৃদ্ধি, ডলার-সংকটের কারণে বিদেশ থেকে আমদানি ব্যাহত হওয়া এবং স্থানীয়ভাবে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়া। দেশের বাজারে এখন এক লিটার বোতলজাত সয়াবিন তেলের নির্ধারিত দর ১৯৯ টাকা, যা গত ৩ মে লিটারে ১২ টাকা বাড়ানো হয়। মূল্যবৃদ্ধির কারণ সয়াবিন তেলে মূল্য সংযোজন করের (মূসক বা ভ্যাট) ছাড় সুবিধা তুলে নেওয়া। মূল্যবৃদ্ধির পর দাম যা দাঁড়িয়েছে, তা এক বছর আগের তুলনায় আড়াই শতাংশের মতো কম। দেখা যাচ্ছে, বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম অর্ধেকে নেমে এলেও দেশে তার সুফল নেই। শুধু সয়াবিন তেল নয়, চিত্রটি মোটাদাগে গম, মসুর ডাল, জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাসসহ বিভিন্ন ক্ষেত্রে একই রকম। এমনকি বিশ্ববাজারে চিনির দামও বেড়েছে। এক বছরে বৃদ্ধির হার ৩৩ শতাংশের কিছু বেশি। দেশে বেড়েছে ৬১ শতাংশ। এখনো বাজেটে চিনির শুল্কছাড়ের বিষয়ে কিছু বলা হয়নি। অবশ্য চিনির ব্যয় বিশ্লেষণ করে যে দাম সরকার বেঁধে দিয়েছিল, তা মানা হয়নি। মে মাসের শুরুতে সরকার খোলা চিনির দাম বেঁধে দিয়েছে প্রতি কেজি ১০৪ টাকা। তবে তা বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৩৫ টাকা দরে। দেশের বাজারে এক মাসের মধ্যে পেঁয়াজের দাম প্রতি কেজিতে ৫৫ শতাংশ বেড়েছে। এ সময়ে ভারতে দাম বেড়েছে প্রায় ২৯ শতাংশ। অবশ্য ভারতে পেঁয়াজের দাম অনেক কম। বাংলাদেশ পেঁয়াজ আমদানির সুযোগ দিচ্ছে না। তবে দাম কমার ক্ষেত্রে এগিয়ে পাম তেল। এক বছর আগের তুলনায় বিশ্ববাজারে এখন অপরিশোধিত পাম তেলের দাম ৫৩ শতাংশ কমেছে। দেশের বাজারে কমেছে প্রায় ২০ শতাংশ। এর মধ্যে চালের দাম কমেছে সামান্ন আর কোনো পণের দর কমেনি। সরকার গ্যাসের দামও কমাচ্ছে না, আবার শিল্পে সংকটও দূর করতে পারছে না। গ্যাস ও কয়লার অভাবে সারা দেশের মানুষকে লোডশেডিংয়ে ভুগতে হচ্ছে। তাই মূল্যস্ফীতির হার কমাতে এখন বাজারে টাকার সরবরাহ কমানো দরকার। এ ছাড়া সরবরাহ বা জোগানের নীতিও একটি উপায়। নিজ অর্থনীতিতে পণ্য ও সেবার জোগান বাড়ানোর উদ্যোগ নিতে পারে একটি দেশ। জোগান বাড়লে মূল্যস্ফীতি প্রশমিত হতে পারে। এজন্য সরবরাহ বৃদ্ধির জন্য ব্যবসার জন্য বিধিমালা কমানো, অবকাঠামোয় বিনিয়োগ ও প্রতিযোগিতাকে উৎসাহিত করার মতো বিভিন্ন পদক্ষেপ নেওয়া যেতে পারে।