দেশের সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মোট মৃত্যুর ৮৮ শতাংশই মারা যাচ্ছেন হেলমেট না পরার কারণে। অথচ দেশে মোটরসাইকেল চালক-আরোহীদের হেলমেট ব্যবহারের প্রবণতা খুবই কম। বর্তমানে মোট চালকের ৩৪ শতাংশ সবসময় হেলমেট ব্যবহার করেন। বেশিরভাগ সময় ব্যবহার করেন ৫৩ শতাংশ চালক। ১০ শতাংশ চালক কিছু সময় ও দুই শতাংশ চালক কখনোই হেলমেট ব্যবহার করেন না।মূলত হেলমেট না পরা ও নিম্নমানের হেলমেট ব্যবহারের কারণেই সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু বাড়ছে।বাংলাদেশ সড়ক পরিবহন র্কর্তৃপক্ষের হিসাবে, গত ১০ বছরে দেশে প্রায় সাড়ে ২৭ লাখ মোটরসাইকেল বেড়েছে। অনেক সময় দেখা যায় কম দূরত্বের সময় মোটরসাইকেল চালকরা বেশির ভাগ ক্ষেত্রেই হেলমেট পরেন না।আবার অনেকে রাস্তায় ট্রাফিক পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে পড়লেই কেবল হেলমেট পরেন। এমনকি পাড়া-মহল্লার রাস্তা বা গলিতে মোটরসাইকেল চালানোর সময় বা গরম আবহাওয়ার সময় ও হেলমেট পরেন না। সড়ক দুর্ঘটনা এখন মহামারির রূপ নিয়েছে, যা সব বয়সী মানুষের মৃত্যুর অষ্টম প্রধান কারণ। সড়ক দুর্ঘটনায় যারা মারা যাচ্ছে, তাদের বেশির ভাগই ১৫ থেকে ৩০ বছর বয়সী। তাই সড়ক দুর্ঘটনা একটি মানবসৃষ্ট দুর্যোগ বিধায়, সবার সম্মিলিত প্রচেষ্টায় এটা নিয়ন্ত্রণ করা বা কমিয়ে আনা সম্ভব। তবে সরকারের একার পক্ষে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়।সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকার নতুন আইন (সড়ক পরিবহন আইন-২০১৮) ও বিধিমালা (সড়ক পরিবহন বিধিমালা-২০২২) প্রণয়ন করেছে। এই আইন ও বিধি কঠোরভাবে প্রয়োগ করা হলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। বিষয়টি নিয়ে আমাদের একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশকে অনেক বেশি সচেতন ও সক্রিয় হতে হবে, যাতে সড়কে মৃত্যুর মিছিল রোধ করা এবং মারাত্মক পঙ্গুত্বের হাত থেকে অনেক মানুষকে রক্ষা করা যায়। মোটরসাইকেল আরোহীরা মানসম্মত হেলমেট পরার মাধ্যমে নির্মম সেই পরিণতি থেকে অনেকটাই দূরে থাকতে পারেন। মোটরসাইকেল চালকদের মানসম্মত হেলেমেট পরার কোনো বিকল্প নেই। মানসম্মত হেলমেট পরার ফলে ৪২ শতাংশ মৃত্যুঝুঁকি ও ৭০ শতাংশ আহত হওয়ার ঝুঁকি হ্রাস পায়। তাই রাজধানীর মতো গ্রামাঞ্চলে ও ছোট শহরগুলোতে হেলমেট পরিধানের ক্ষেত্রে কড়া তদারকি করতে হবে। উচ্ছৃঙ্খল ও বেপরোয়া গতির চালকদের লাইসেন্স বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি গণপরিবহন ব্যবস্থা উন্নতকরণ, সড়কে লেন ব্যবস্থা চালুকরণ, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন, বেহাল সড়ক-মহাসড়ক সংস্কার প্রভৃতিতে সরকারের বিশেষ নজর দিতে হবে। কোনো মৃত্যুই যাতে সড়কের অরাজকতা ও মোটরসাইকেল দুর্ঘটনায় না হয়, সেটা নিশ্চিত করতে হবে।