কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের পশ্চিম গজারিয়া গ্রামে বুরহান উদ্দিন গং ও কামাল হোসেন গংদের মাঝে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে অন্তত ১০ আহত হয়েছে। আহতরা হলেন মো: কামাল হোসেন (৩৫), সুফিয়া বেগম (৭০), বেগম নেছা (৩০), কেলু মিয়া (৬০), ইসকান্দর মিয়া (৭৫), নয়ন মিয়া (২৮), ফাতেমা বেগম (৪০), ওয়াহিদা বেগম (৫০)। এদের মধ্যে মো: কামাল হোসেন (৩৫) কে গুরুতর আহত অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাটি ঘটে গত শনিবার (১৭জুন) বিকেলের দিকে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মো: বোরহান উদ্দিন ও তার লোকজন প্রবাসী কামাল হোসেন ও তার পরিবারকে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিভিন্ন ধরনের কার্যকলাপ করে আসছে। এই নিয়ে কয়েক বার স্থানীয়ভাবে শালিশ বৈঠক হলেও বোরহান উদ্দিন মিয়ার লোকজন শালিশকে বয়কট করে আসছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। এই ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ৫-৬ টি ঘর ভাঙচুর করার অভিযোগ রয়েছে এলাকায়। গুরুতর আহত কামাল হোসেনের স্ত্রীর দাবী, তার স্বামী কামাল হোসেনকে মো: বোরহান উদ্দিন মিয়ার ১৫-২০ জন লোক সশস্ত্র ভাবে হামলা চালিয়ে বাড়ীঘর ভাঙচুর, নগদ টাকা সহ অন্তত ৫-৬ লাখ টাকার ক্ষতি সাধন করেছে। এই ব্যাপারে কামাল হোসেনের ছোট ভাই জামাল উদ্দিন বাদী হয়ে বাজিতপুর থানায় গত কাল রোববার মো: বোরহান উদ্দিন, রায়হান উদ্দিন, সায়েদ মিয়া, কাশেম মিয়া, জালাল মিয়াসহ ১০-১২ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। বাজিতপুর থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগের প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিবেন বলে উল্লেখ করেন।