পাবনার সুজানগর পৌর বাজারের স্বর্ণকারদের অ্যাসিড ধোঁয়ায় মারাত্মকভাবে পরিবেশ দূষিত হচ্ছে। পাশাপাশি ওই অ্যাসিড ধোঁয়ার কারণে পৌর বাজারের ব্যবসায়ীসহ বাজারে আগত ক্রেতা-বিক্রেতাদের সিমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেই সাথে শ্বাস-প্রশ্বাসের সাথে ওই ধোঁয়া মানব দেহে প্রবেশ করে জটিল ও কঠিন রোগের জন্ম দিচ্ছে।
খোঁজ নিয়ে দেখা যায়, সুজানগর পৌর বাজারে অর্ধশত স্বর্ণের দোকান রয়েছে। এসব দোকানে স্বর্ণের খাঁদ বের করে খাঁটি করা এবং সৌন্দর্য বাড়ানোর জন্য সালফিউরিকও নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। এসব এসিডের ধোঁয়া বের করার জন্য ব্যবহার করা হয় সিমেন্ট বা প্লাস্টিকের পাইপ। পাইপের মাধ্যমে বের হওয়া ওই ধোঁয়ায় বাজারের পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি মানব দেহের মারাত্মক ক্ষতি হচ্ছে। সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের পদার্থ বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক অলোক কুমার বলেন স্বর্ণকারদের ব্যবহৃত ওই সালফিউরিক ও নাইট্রিক অ্যাসিড মারাত্মক ক্ষতিকর। ওই এসিডের ধোঁয়ায় বায়ু দূষিত হয়ে পরিবেশের ক্ষতি করে। পাশিপাশি মানব দেহে প্রবেশ করে হৃদরোগ ও হাঁপানিসহ নানা জটিল ও কঠিন রোগের জন্ম দেয়। সেই সাথে ওই এসিডের ধোঁয়া বাতাসের মাধ্যমে জলীয় বাষ্পের সাথে মিশে কখনও কখনও অ্যাসিড বৃষ্টিতে পরিণত হয়। এতে ফসলের ক্ষতি হওয়ার পাশাপাশি মাটির উর্বর শক্তি হ্রাস পায়। এলাকার সচেতন মহল এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। সুজানগর থানার অফিসার ইনচার্জ আবদুল হান্নান বলেন বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।