নওগাঁর মহাদেবপুর উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের রামরায়পুর ইসলামীয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির ছেলেকে ওই মাদ্রাসার একটি পদে নিয়োগের পাঁয়তারা চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। সভাপতি বলছেন তার ছেলে ওই পদে নিয়োগ পাওয়ার হকদার।
এছাড়া অন্য একটি পদের বিষয়ে আদালতে নিষেধাজ্ঞার মামলা চলমান থাকলেও আদালতকে অবজ্ঞা করে সেই পদেও নিয়োগ দেয়া হচ্ছে। শনিবার দুপুরে এসব নিয়োগের জন্য বোর্ড গঠন করা হলেও বোর্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগেই কোন কোন পদে কাকে কাকে নিয়োগ দেয়া হবে তা ফাঁস হয়ে যাওয়ায় নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ অনৈতিক লেনদেনের মাধ্যমে নিয়োগ দেয়ার ব্যবস্থা করা হলেও লোকদেখানো আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার দুপুরে মাদ্রাসায় ওই মাদ্রাসার আয়া, পরিচ্ছন্নতাকর্মী এবং দপ্তরী এমএলএসএস (নিরাপত্তা প্রহরী) পদে নিয়োগের জন্য পরীক্ষার আয়োজন করা হয়েছে। পরীক্ষার আগেই পরিচ্ছন্নতা কর্মী পদে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির ছেলেকে নিয়োগ দেয়া হবে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। জানতে চাইলে সভাপতি নেফাউর রহমান জানান, ১৯৭৫ সালে তার বাবা মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। এরজন্য জমিও দান করেন। তাই তার ছেলে এখানে চাকরি পাওয়ার হকদার।
রামরামপুর গ্রামের আয়নাল হকের ছেলে আনিছুর রহমান অভিযোগ করেন যে, ওই মাদ্রাসার দপ্তরী এমএলএসএস (নিরাপত্তা প্রহরী) পদে তাকে ১৯৯৯ সালের ৩ নভেম্বর নিয়োগ দেয়া হয়। এখনো তিনি ওই পদে কর্মরত আছেন। কিন্তু গত ২০২২ সালের ৬ জুলাই মাদ্রাসাটি এমপিওভুক্ত হবার পরে অন্য শিক্ষক কর্মচারিদের বেতন ভাতা এমপিওভূক্তির জন্য মাদ্রাসা বোর্ডে পাঠানো হলেও তার কাগজপত্র পাঠানো হয়নি। ফলে তার বেতন ভাতাও হয়নি। এ ব্যাপারে তিনি নওগাঁর মহাদেবপুর সহকারি জজ আদালতে একটি বিজ্ঞাপনী মামলা দায়ের করেন। মামলাটি চলমান থাকা অবস্থায় ওই পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে আদালতে ওই পদে নিয়োগ স্থগিতের আবেদন জানালে বিজ্ঞ আদালত এ ব্যাপারে মাদ্রাসা কমিটির সংশ্লিষ্টদের নোটিশ পাঠিয়ে আগামী ১৬ জুন শুনানীর দিন ধার্য করেন। কিন্তু তার আগেই নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়।
ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট রবিউল হাসানের মোবাইলফোনে বার বার কল দেয়া হলেও তার মোবাইলফোন বন্ধ পাওয়া যায়। জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন জানান, কাগজপত্র পর্যালোচনা করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।