বাড়ছে মানুষ কমছে জমি। বাংলাদেশের প্রায় ১৬ কোটি মানুষের জন্য চাষযোগ্য জমি রয়েছে মাত্র ৮০ লাখ ৩০ হাজার হেক্টর। এর এক-চতুর্থাংশই এখন হুমকির মুখে। যতটুকু কৃষিজমি এখনো রয়েছে, বাড়তি জনসংখ্যার চাপে ও শিল্প খাতে জমির ব্যবহার বেড়ে যাওয়ায় তার পরিমাণ দ্রুত কমছে। এটি উদ্বেগজনক। কারণ, দেশে প্রয়োজন অনুসারে খাদ্যশস্য উৎপাদন না হলে তা আমাদের খাদ্য নিরাপত্তায় হুমকি হয়ে দেখা দিতে পারে। তাই আমরা কৃষিতে জোর দেয়ার কথা বললেও বাস্তবে বাংলাদেশে কমছে আবাদি জমি। এ ক্ষেত্রে প্রচলিত আইন অমান্য করে দেশের বিভিন্ন জায়গায় জমির শ্রেণী পরিবর্তন করা হচ্ছে। বিভিন্ন জেলায় জমির উপরিভাগের মাটি কেটে বিক্রি করা হচ্ছে ইটভাটায়। আর রাতে আবাদযোগ্য জমিতে খনন করা হচ্ছে পুকুর। কৃষিজমির বড় একটি অংশ চলে গেছে বাণিজ্যিক পুকুর খননে। অথচ জমির উপরিভাগের মাটি কেটে নেয়ায় সৃষ্টি হচ্ছে দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা। এতে কমতে শুরু করেছে ফসল উৎপাদন।
ইটভাটার মালিক ও মাটি ব্যবসায়ীরা কৃষকদের অর্থের লোভ দেখিয়ে তিন-চার ফসলি জমির মাটি কেটে বাণিজ্যিক পুকুরে রূপান্তর করছেন। এছাড়াও অপরিকল্পিত শিল্পায়ন, বসত ভিটা নির্মাণ, অবকাঠামো উন্নয়ন, জনসংখ্যা বৃদ্ধি ইত্যাদি কারণে ক্রমাগত হ্রাস পাঁচ্ছে চাষযোগ্য জমি। অথচ ভূমি ও পরিবেশ সংরক্ষণ আইনে ভূমির ধরন রূপান্তর করা নিষিদ্ধ। কৃষিজমি সুরক্ষা ও ভূমি ব্যবহার আইনের খসড়ায় পরিষ্কারভাবে কৃষিজমি রূপান্তরে নিষেধাজ্ঞার কথা উল্লেখ আছে। স্বাধীনতার সাড়ে চার দশক পরও জমির সুষম ব্যবহারের জন্য আইনানুগ যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ফসলের মাঠে হচ্ছে শিল্প আর শিল্পের জায়গায় হচ্ছে আবাসন। এ ছাড়া মাত্রাতিরিক্ত রাসায়নিক সার, কীটনাশক ও সংবেদনশীল কর্পোরেট হাইব্রিড বীজ ব্যবহারের কারণে মাটি হারাচ্ছে উর্বরা শক্তি।
চাষযোগ্যতা হারাচ্ছে জমি। তাই অধিক উৎপাদনের লক্ষ্যে কর্পোরেট বীজ-সার-কীটনাশকের নির্বিচার ব্যবহার বন্ধ করতে এবং জনসংখ্যা বৃদ্ধির হার ঠেকাতে সরকারের দূরদর্শী কর্মপরিকল্পনা ও এর বাস্তবায়ন দরকার। একই সঙ্গে প্রয়োজন উন্নত নগর পরিকল্পনা। তাই কৃষি গবেষণা ইন্সটিটিউটকে আরও শক্তিশালী করে ব্যাপক গবেষণার মাধ্যমে নতুন কৃষি পদ্ধতি উদ্ভাবন করতে হবে, যা মুনাফার চেয়ে মাটি ও দেশের স্বার্থকে বড় করে দেখাবে। কৃষি জমি কোনোভাবেই অকৃষি কাজে ব্যবহার করা যাবে না। মানুষের মধ্যেও ব্যাপক সচেতনতা সৃষ্টি এবং আইনের যথাযথ প্রয়োগের মধ্য দিয়ে ভবিষ্যৎ সংকট থেকে বাঁচার লক্ষ্যে সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।