বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে উন্নয়নের প্রতিটি খাতে দুর্নীতি প্রতিরোধ করা প্রয়োজন। কেননা দুর্নীতি সমাজের প্রতিটি স্তরকে কলুষিত করে তুলেছে। দুর্নীতির প্রভাব দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন প্রতিটি ক্ষেত্রে কাঙ্খিত সাফল্য অর্জনের অন্তরায় হয়ে দাঁড়ায়। তাই সরকারের দায়বদ্ধতার পাশাপাশি জনগণেরও এ দায় রয়েছে। তবে এরিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন, তার সুফল ইতোমধ্যে জনগণ ভোগ করছে। জনগণ যাতে দুর্নীতি সংক্রান্ত অভিযোগ সহজে প্রদান করতে পারে, সে জন্য প্রতিটি জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে ‘অভিযোগ গ্রহণ বাক্স’ স্থাপন করা হয়েছে এবং বিভিন্ন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে পর্যালোচনা, পর্যবেক্ষণ ও তদারকি কার্যক্রমকে জোরদার করছে। ঘুষ, অনোপার্জিত আয়, কালো টাকা, চাঁদাবাজী, ঋণ খেলাপী, টেন্ডারবাজী ও পেশী শক্তি প্রতিরোধ এবং দুর্নীতি-দুর্বৃত্তায়ন নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে। দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে অভিযোগেরও অন্ত নেই। ফলে অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রভাবশালীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়, কিংবা প্রভাবশালী দুর্নীতিবাজদের বিরুদ্ধে নেয়ার ক্ষেত্রে দুদক আশাতীত সফলতা দেখাতে ব্যর্থ হয়। তাই কমিশনে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের নৈতিক অবস্থানকে আরো দৃঢ় করতে হবে। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে দুর্নীতি মুক্ত করে গড়ে তোলার জন্য প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে শিক্ষার সব স্তরে নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। প্রশাসনের সাথে জড়িতদের দুর্নীতি প্রতিরোধে প্রতিটি মন্ত্রণালয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে যে কার্যক্রম চালু আছে, এটিকে আরো সম্প্রসারণ করা প্রয়োজন। সরকারী, বেসরকারী, আধা-সরকারী, স্বায়ত্ব শাসিত প্রতিটি প্রতিষ্ঠানকেই এই শুদ্ধাচার কৌশলের আওতায় নিয়ে আসার পদক্ষেপ গ্রহণ করা। দুর্নীতি প্রতিরোধে শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে নয় বরং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মের মনে দুর্নীতির বিরুদ্ধে ঘৃণার চেতনা সৃষ্টি করতে হবে। তাই দুর্নীতি প্রতিরোধ করতে দরকার চেতনা। সমাজের বিবেকবান মানুষের দায়িত্ব দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা। এর জন্য আইনগত ব্যবস্থার পাশাপাশি সচেতনতা বাড়াতে সামাজিক আন্দোলন দরকার। অর্থাৎ সচেতনতা বাড়াতে সামাজিক আন্দোলনের পাশাপাশি ধর্মীয় আইন-কানুন বিষয়ে প্রচার, নৈতিকতার প্রচার ও ভালো কাজের অভ্যাস গড়ে তুলতে হবে।