আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার মামলায় গ্রেপ্তার সেই অভিযুক্ত আসামি রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে নতুন করে আরও তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। পাঁচ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (৩০ মে) দুপুর ১২টার দিকে আবু সাঈদ চাঁদকে আদালতে হাজির করে আবারও ১০ দিনের রিমান্ড চাইলে রাজশাহী জেলা ও দায়রা জজ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহবুব আলম ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ তথ্যটি নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশের কোর্ট পরিদর্শক পরিমল কুমার বলেন, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার এই মামলাটি বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করছেন। তারাই বিএনপি নেতা চাঁদকে জিজ্ঞাসাবাদ করছেন।
এর আগে গত ২৫ মে বেলা পৌনে ১১টার দিকে রাজশাহী নগরীর ভেড়িপাড়া মোড় থেকে বিএনপি নেতা চাঁদকে গ্রেপ্তার করে। পরে ওইদিন বিকেল সোয়া ৪টার দিকে তাকে রাজশাহীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালতের বিচারক মাহবুব আলম পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রিমান্ড শেষ হওয়ার পর মঙ্গলবার আবারও তাকে আদালতে নিয়ে আবেদনের প্রেক্ষিতে তিনদিনের রিমান্ডে দেন আদালত।
এই গ্রেপ্তার আসামি আবু সাঈদ চাঁদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক। তিনি রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। একাধিকবার বিএনপির প্রার্থী হিসেবে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশও নিয়েছেন।
প্রসজ্ঞত, গত ১৯ মে বিকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চবিদ্যালয় মাঠে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে চাঁদ বলেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা-শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব।’ তাঁর এই বক্তব্যের ভিডিও দুই দিন পর ছড়িয়ে পড়লে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। যার প্রেক্ষিতে রাজশাহী জেলা ও মহানগরসহ দেশের বিভিন্ন থানায় তার নামে সন্ত্রাসবিরোধী আইনে বেশকিছু মামলা হয়। তবে প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় রাজশাহীর পুঠিয়া থানায় প্রথম চাঁদের বিরুদ্ধে মামলা হয়। আর ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।