রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে যাচাই-বাছাইয়ে চার মেয়র প্রার্থীর মনোনয়নপত্রই বৈধতা পেয়েছে। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হচ্ছেন রবিউল ইসলাম।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, মেয়র পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। এদের মধ্যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন (নৌকা), জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল), ইসলামি আন্দোলন বাংলাদেশের মাওলানা মুরশিদ আলম ফারুকী (হাতপাখা) ও জাকের পার্টির লতিফ আনোয়ার (গোলাপফুল) রয়েছেন। চারজনেরই মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০ নম্বর ওয়ার্ডের রবিউল ইসলাম কাউন্সিলর নির্বাচিত হলেও এখনই তা ঘোষণা করার সুজোগ নাই। তবে আগামী ২ জুন প্রতীক বরাদ্দের দিন তার নাম বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করার হতে পারে। তিনি নগরীর ২০ নম্বর ওয়ার্ডে একক প্রার্থী ছিলেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ১ জুন। আর প্রতীক বরাদ্দ হবে ২ জুন। ভোটগ্রহণ হবে আগামী ২১ জুন। সম্ভাব্য ১৫২টি ভোটকেন্দ্রের ১ হাজার ১৭৩টি কক্ষে ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাসিক নির্বাচনে এবার ভোটার সংখ্যা তিন লাখ ৫২ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৮৫ এবং নারী ১ লাখ ৮০ হাজার ৯৭২। এদের মধ্যে নতুন ভোটার রয়েছেন ৩০ হাজার ১৫৭ জন।