বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্যে জনসভায় হত্যার হুমকী দেওয়ার প্রতিবাদে সোমবার পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ওইদিন বিকাল ৫টায় সুজানগর পৌর বাজার থেকে বিপুল সংখ্যক আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের অংশ গ্রহণে বের হওয়া ওই মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র রেজাউল করিম রেজা। পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আ.লীগ নেতা সাইদুর রহমান সাইদ, রায়হান উদ্দিন খান, ইউনুস আলী বাদশা, রাজা হাসান, মাহমুদুজ্জামান মানিক ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ। বক্তারা বিএনপির উদ্দেশ্যে হুঁশিয়ানী উচ্চারণ করে বলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনারা হত্যা করতে পারবেন না। বরং তাঁকে হত্যার হুমকী দিয়ে আওয়ামী পরিবারের প্রতিটি সদস্যর গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন। মনে রাখবেন শিগগিরই আপনাদের এই আগুনে পুড়তে হবে।