উত্তরাঞ্চলের মধ্যে পাবনার সুজানগর উপজেলাকে পেঁয়াজ ভাণ্ডার বলা হয়। এ উপজেলায় উত্তরাঞ্চলের মধ্যে সব চেয়ে বেশি পেঁয়াজ আবাদ করা হয়। সেকারণে সারা দেশে পেঁয়াজের বাজার চড়া থাকলেও সুজানগরে বাজার স্থিতিশীল থাকে। এমনকি এ উপজেলায় পেঁয়াজের কোন সংকটও দেখা দেয়না। অথচ বর্তমানে সেই সুজানগর উপজেলার হাট-বাজারেও পেঁয়াজের বাজার চড়া।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ১০টি ইউনিয়নে ১৭হাজার ৩‘শ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ করা হয়েছিল। অনুকূল আবহাওয়া আর সঠিক সময়ে সার বিষ দেওয়ায় ফলনও হয়েছে বেশ ভাল। কিন্তু পেঁয়াজ মৌসুমের শুরুতে উপজেলার হাট-বাজারে দাম কম থাকলেও বর্তমানে বাজার বেসামাল। সুজানগর পৌর বাজারের পেঁয়াজ ব্যবসায়ী আবদুল কদ্দুস বলেন গত ২০/২৫দিন আগেও উপজেলার হাট-বাজারে প্রতিমণ পেঁয়াজ বিক্রি হয়েছে ১৪‘শ থেকে ১৫‘শ টাকা দরে। অথচ মাত্র ২০/২৫দিনের ব্যবধানে ২/৩দফা দাম বৃদ্ধি পেয়ে বর্তমানে প্রতিমণ পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮‘শ থেকে ২৯‘শ টাকা দরে। একই বাজারের পেঁয়াজ আড়তদার আবদুর রশিদ বলেন গত মার্চ মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ পেঁয়াজ মৌসুমের শুরুতে প্রতিমণ পেঁয়াজ বিক্রি হয়েছে মাত্র ১হাজার থেকে ১২‘শ টাকা দরে। এর এক মাসের মধ্যে বাজার বৃদ্ধি পেয়ে প্রতিমণ পেঁয়াজ বিক্রি হয় ১৪‘শ থেকে ১৫‘শ টাকা দরে। কিন্তু অজ্ঞাত কারণে দাম কয়েক দফা বৃদ্ধি পেয়ে বর্তমানে প্রতিমণ পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮‘শ থেকে ২৯‘শ টাকা দরে। পেঁয়াজের বর্তমান এ বাজারে কৃষকরা অত্যন্ত খুশি। তবে ক্রেতা দিশেহারা। বিশেষ করে নিম্ন এবং মধ্য আয়ের মানুষের পক্ষে পেঁয়াজ কেনা অসম্ভব হয়ে পড়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন উপজেলার হাট-বাজারে প্রচুর পরিমাণে পেঁয়াজ উঠতে দেখা যায়। কিন্তু তারপরও বাজার বৃদ্ধির বিষয়টি বোধগম্য নয়।