রাজশাহীর বাঘায় আম গাছ থেকে পড়ে ফজলুর রহমান নামের এক শ্রমিকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ মে) বিকাল সাড়ে ৫টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন মৃত্যু হয়। ফজলুর রহমান উপজেলার বাঘা পৌরসভার বানিয়াপাড়া গ্রামের আবদুল ওহাবের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১২ মে) দৈনিক মজুরিতে আম গাছে কীটনাশক ওষুধ স্প্রে করার শ্রমিকের কাজে যায় ফজলুর রহমান। আম গাছে উঠে কীটনাশক ওষুধ স্প্রে করতে গিয়ে পা ফসকে পড়ে মাথা ও বুকে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চারদিন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার রাত ১১ টায় তার জানাজার নামাজ শেষে বাঘা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
ফজলুর রহমানের বড় ভাই নজুরুল ইসলাম বলেন, আমার ছোট ভাই দিন মুজুরের কাজ করে। আম গাছে উঠে কীটনাশক ওষুধ স্প্রে করতে গিয়ে পা ফসকে পড়ে মাথা ও বুকে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।