কুড়িগ্রামের রাজারহাট হাসপাতালে অস্ত্রোপচার করছেন রাঁধুনী মালি ও পরিচ্ছন্নতাকর্মী এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন কার্যকরি ব্যবস্থা গ্রহণ না করায় মঙ্গলবার (১৬মে) হাইকোর্টের বিজ্ঞ আইনজীবী আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান আনসারী জনস্বার্থে একটি রীটপিটিশন দাখিল করেছেন। রীটপিটিশন নম্বর ৫৯০৫/২০২৩। পিটিশনে স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, কুড়িগ্রাম সিভিল সার্জন এবং রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। বুধবার ১৭মে রীটপিটিশনের বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞ আইনজীবি।
উল্লেখ্য, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে চিকিৎসকের সাথে কিংবা কখনো একাই সার্জারি করছেন পরিচ্ছন্নকর্মী রবি দাস, রাঁধুনি পদের বাচ্চু মিয়া, মালি পদের দেলোয়ার হোসেন, ও মিজানুর রহমান। শুধু অপারেশন থিয়েটার নয়, হাসপাতালের জরুরি বিভাগেও তারা সার্জারির কাজ করে আসছেন নিয়মিত। আর এই কাজ করে রোগীদের নিকট হতে নগদ অর্থ হাতিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এদিকে দীর্ঘদিন ধরে ওয়ার্ড বয় পদে কেউ না থাকায় সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা চলছে জোড়াতালি দিয়ে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে থাকলেও জনগনের সেবা নিশ্চিত করতে নেয়া হয়নি কোন কার্যকরি পদক্ষেপ। ফলে মানসম্মত চিকিৎসা সেবা থেকে বছরের পর বছর ধরে বঞ্চিত হয়ে আসছে দেশের দারিদ্রপীড়িত এই অঞ্চলের মানুষ।
রাঁধুনী, পরিচ্ছন্নতাকর্মী ও মালি দিয়ে দীর্ঘদিন ধরে অস্ত্রোপচারের কাজ চলছে একটি রাজারহাট সরকারি হাসপাতালে। এতে মানসম্মত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। ঘটনার সত্যতা স্বীকার করে জনবল সঙ্কটকে দায়ী করেছে রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান সহ কয়েকজন ডাক্তার। তারা বলেছেন- রাঁধুনী, পরিচ্ছন্নতাকর্মী ও মালিকে প্রশিক্ষণ দিয়ে এ কাজে লাগানো হয়েছে।