‘রাজশাহীর উন্নয়নে আরো কিছু কাজ বাকি থেকে গেছে। আগামীতে সুযোগ পেলে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার পাশাপাশি রাজশাহীতে সমবায় সেক্টরের উন্নয়নে কাজ করবো। এছাড়াও দেশের অন্য জায়গায় হলেও রাজশাহীতে ‘বঙ্গবন্ধু মডেল ভিলেজ’ হয়নি। তাই ভবিষ্যতে রাজশাহীতে ‘বঙ্গবন্ধু মডেল ভিলেজ’ করতে চাই। এক্ষেত্রে সকলের সহযোগিতা চাই।’
মঙ্গলবার (১৬ মে) দুপুর ১২টা হতে দেড়টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত রাজশাহীর সমবায় প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
মেয়র লিটন বলেন, স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নানা বাধা ও প্রতিকূলতা পেরিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তৎকালীন দেশের ভঙ্গুর অর্থনীতিকে শক্তিশালীভাবে গড়ে তুলতে তিনি সমবায় কার্যক্রম চালু করেন। বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ আরো অনেক আগেই বর্তমানের চেয়ে আরো বেশি ভালো জায়গায় পৌছে যেত। তবে এখন সুখের বিষয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে গড়ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বক্ষেত্রে দেশের উন্নয়ন দৃশ্যমান হয়েছে।
রাজশাহী বিভাগীয় সমবায়ের যুগ্ম নিবন্ধক মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সমবায়ের উপ-নিবন্ধক (প্রশাসন) মো. নুরুন্নবী, উপ-নিবন্ধক (বিচার ও সমিতি) মোছা. শাহানা শিল্পী, জেলা সমবায় কর্মকর্তা মো. সাইদুর রহমান, মেট্রোপলিটন থানা সমবায় কর্মকর্তা (বোয়ালিয়া) মোছা. নাছিমা খাতুন। স্বাগত বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মো. আজিজুর রহমান।