রাজশাহীর তানোরে সিঁধকেটে এক খামারীর পৌনে ৩ লাখ টাকা মুল্যের ৩ টি গাভী চুরির ঘটনা ঘটেছে। গাভী ৩টির পেটেই বাচ্চা ছিলো বলে জানিয়েছেন গরুর মালিক। এ ঘটনায় তানোর থানায় একটি লিখিত অভিযোগ করা হলে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে গরু উদ্ধারে চেষ্টা চলছে বলে জানিয়েছেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া। এ ঘটনায় খামারী তানোর উপজেলার কামারগাঁ ইউপির পারিশো সাহাজী পাড়া গ্রামের ফয়েজ উদ্দিনের পুত্র আলমগীর হোসেন শুক্রবার সকালে তানোর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে ভোর ৫ টার মধ্যে গোয়াল ঘরের জানালা ভেঙ্গে সেখানে সিঁধ কেটে গাভী ৩ টি চুরি করে নিয়ে যায় চোরেরা। গরুর মালিক আলমগীর হোসেন বলেন, রাত ১২ টার দিকে গোয়াল ঘরে গরু দেখে ঘুমাতে যায়, পরে ভোর রাতে বাহিরে বের হয়ে দেখি গোয়াল ঘরের জানালাসহ সিঁধকাটা এবং গোয়াল ঘরে গরু নাই। তিনি বলেন, বিভিন্ন স্থানে খোঁজখুজি করে না পেয়ে শুক্রবার তানোর থানায় একটি সাধারন ডায়েরী করেছি। পুলিশসহ আমার লোকজন বিভিন্ন স্থানে খোঁজ অব্যাহত রেখেছেন বলেও জানান তিনি। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, এ ঘটনায় থানায় দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে এবং গরু উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।