পাবনার সাঁথিয়ায় এক রাতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের ব্যক্তিগত সহকারীর বাড়িসহ পাঁচ বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।ঘটনা ঘটেছে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে। এ ঘটনায় এলাকায় জনমনে চুরি আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার(১১মে)দিবাগত রাতে উপজেলার বিষ্ণুপুর গ্রামের নজরুল ইসলামের বাড়িতে সংঘবদ্ধ চোরের দল ঘরের গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে নগদ ৪ লক্ষ ১ হাজার টাকা,৮ভরী স্বর্ণালঙ্কার,প্রয়োজনীয় কাগজপত্র এবং মৃত সোহরাব বিডিআর এর বাড়িতে ঘরের তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোরেরা। এ ছাড়া একই গ্রামের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি’র ব্যক্তিগত সহকারী আমজাদ হোসেন,তার বড় ভাই সোহরাব হোসেন ও পার্শ্ববর্তী শাহজাহান মিয়ার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে শুক্রবার(১২মে) সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। উল্লেখ্য,ইতোপূর্বেও ওই গ্রামে(বিষ্ণুপুর ও বিষ্ণুবাড়িয়া)পৃথক পৃথক সময়ে একই কায়দায় সিরিজ চুরির ঘটনা ঘটেছে।