আজ ১২ মে পাবনার সুজানগরের সাতবাড়ীয়া গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তান হানাদার বাহিনী তাদের এ দেশীয় দোসরদের সহযোগিতায় সাতবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে বর্বরোচিত হামলা চালিয়ে শত শত নিরীহ নিরপরাধ মানুষকে হত্যা করে।
সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ও বীর মুক্তিযোদ্ধা এসএম শামসুল আলম বলেন, সাতবাড়ীয়া ছিল মুক্তিযোদ্ধাদের অন্যতম ঘাঁটি। তাছাড়া পাবনা-২ আসনের প্রয়াত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আহমেদ তফিফ উদ্দিন মাস্টারের জন্ম ভূমিও সাতবাড়ীয়া ইউনিয়নে। সে কারণে হানাদার বাহিনী ওই ইউনিয়নের মুক্তিকামী মানুষের ওপর প্রচ- ক্ষিপ্ত হয়ে উঠে। আর এরই এক পর্যায় ১৯৭১ সালের ১২মে হানাদার বাহিনী ওই ইউনিয়নের কুড়িপাড়া, নিশ্চিন্তপুর, কাচুরী, তারাবাড়ীয়া, ফকিৎপুর, সাতবাড়ীয়া, নারুহাটি, কন্দর্পপুর, সিন্দুরপুর, হরিরামপুর, ভাটপাড়া, এবং গুপিনপুরসহ ১৫/২০টি গ্রামে অপারেশন চালিয়ে গণহত্যা করে। তারা এদিন সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত ওই সকল গ্রামে সশস্ত্র হামলা চালিয়ে আ,লীগ নেতা মহির উদ্দিন, ফকোর উদ্দিন, সমির সাহা, ওয়াজেদ আলী, গোপাল শেখ, অসিত সাহা, খিতিশ সাহা, বাসুদেব বিশ্বাস, চেতনা শেখ, আবদুল কদ্দুস এবং সেকেন্দার আলীসহ নাম নাজানা প্রায় ৬/৭‘শ নারী-পুরুষকে নৃশংসভাবে হত্যা করে। এদের মধ্যে তারা প্রায় ২‘শ জনের লাশ পার্শ্ববর্তী পদ্মা নদীতে ভাসিয়ে দেয়। শুধু তাইনা হানাদার বাহিনী গণহত্যা করার পাশা-পাশি গোটা ইউনিয়নে ব্যাপক লুটপাট, ধর্ষণ এবং বাড়িঘরে অগ্নিসংযোগ চালায়। ফলে বছর ঘুরে আজকের এই দিন হাজির হলে বিশেষ করে ওই সকল শহীদ পরিবারের মাঝে দেখা দেয় শোকের মাতম।