কুড়িগ্রামের রাজারহাটে অধিকাংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অফিসসহ বিভিন্ন কাজের অজুহাতে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে অবস্থান করেছেন। তারা সংশ্লিষ্ট দপ্তরকে এড়িয়ে কোন রকমে দায়সারা ভাবে প্রতিষ্ঠান পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে। রাজারহাট উপজেলায় মাধ্যমিক পর্যায়ে ৩৩টি, উচ্চমাধ্যমিকপর্যায়ে ৪টি ও মাদ্রাসা পর্যায়ে ২৭টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সরেজমিনে অভিাবক ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলে ম্যানেজিং কমিটি ও প্রধানদের সমন্ময়ে। সে কারণে প্রতিষ্ঠান প্রধানগণ তাদের পচন্দ মতো ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত করে দায়সারা ভাবে প্রতিষ্ঠান পরিচালনা করেন। এতে করে ম্যানেজিং কমিটর সদস্যরা কোন নির্দেশনা দিতে পারেন না। এ ছাড়া প্রতিষ্ঠান প্রধানগণ স্থানীয় হওয়ায় তাদের প্রভাব থাকে চরমে। অনেক প্রতিষ্ঠান প্রধান রাজনৈতিক ছত্রছায়ায়ও চলাফেরা করেন। আবার বেশী লাভের আশায় অনেকে ব্যবসা-বানিজ্যের প্রতি ঝুঁকি দিয়েছেন। আবার কেউ কেউ নিজে সংসারের কাজে ব্যস্ত থাকেন। এসব কারণে তারা প্রতিষ্ঠান চলার সময় অধিকাংশ ক্ষেত্রে প্রতিষ্ঠানের বাইরে অবস্থান করেন। এ ব্যাপারে বেশ কয়েকজন প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিষ্ঠান প্রধানদের উপজেলাও জেলা মাধ্যমিক অফিসে অনেক কাজ। প্রতিষ্ঠান প্রধানদের অবসরের সময় নাই। অনেক সময় রাত জেগেও কাজ করতে হয়। এ কারণে প্রতিষ্ঠানে খুব বেশী সময় হয়তো দেয়া যায় না। সব মিলে প্রতিষ্ঠানগুলো ভালোভাবে পরিচালিত হয়ে আসছে বলে দাবী করেন প্রধানগণ। এদিকে অভিভাবকরা বলেন, স্থানীয় প্রভাবটাই এখানে বেশী কাজ করছে। তাই প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষকদের অন্যত্র বদলীর ব্যবস্থা করলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম-দূর্নীতি অনেকাংশে কমে যেত।
বুবার(১০মে) এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ রব বলেন, প্রতিষ্ঠান প্রধানরা কি কাজে বাইরে অবস্থান করবেন তা তাদের মুভমেন্টে নিদিষ্ট করে লিখে যেতে হবে। এ ছাড়া তার অনুপস্থিতিতে কাকে দায়িত্ব দিবেন তাও লিখতে হবে। এ ছাড়া যাদের পরিক্ষা কেন্দ্রে ডিউটি নাই তারা পরিক্ষা কেন্দ্র আসাটাও অবৈধ। তারা অবশ্যই প্রতিষ্ঠানে থাকবেন। যদি কোন প্রধান কিংবা শিক্ষককে প্রতিষ্ঠানে পাওয়া না যায় তাহলে তাদের বিরুদ্ধে যথাযত আইনগত ব্যবস্থা গ্রহন করাও হবে।