কুড়িগ্রামের রাজিবপুরে জমি সংক্রান্ত বিরোধে আহত হয়েছেন মুক্তিযোদ্ধা পরিবার। গত সোমবার সকালে উপজেলার উত্তর কোদালকাটিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিন রাতে মুক্তিযোদ্ধা পরিবারটি ১৮জন বিবাদীর বিরুদ্ধে রাজিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ বিষটি তদন্তাধীন থাকায় এখনও মামলা রেকর্ড হয়নি।
মুকিক্তযোদ্ধা আবদুল জলিল এর ভাষ্যমতে, রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের জেএল নং-৩০, খতিয়ান নং-৩৫৯, দাগ নং-১০৫৩, জমির পরিমাণ-১৯ একর ৫৫ শতাংশ, যা নদী গর্ভে বিলীন হয় প্রায় ৫০ বছর আগে। ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনের কবলে ভিটেমাটি হারিয়ে মুক্তিযোদ্ধা আঃ জলিলসহ তার ভাইয়েরা বগুরায় গিয়ে বসবাস করতে থাকেন।
কিছুদিন পর জমিগুলো আবারও জেগে ওঠে এবং ফসলী জমিতে রুপান্তরিত হয়। বগুরায় স্থায়ীভাবে বসবাস করায় ওই জমির খোঁজ তারা নিতেন না। জমিগুলো ওই এলাকার প্রভাবশালী মহল দখলে নিয়ে চাষাবাদ করতে থাকে এবং কিছু অংশ জমিতে নদীতে বিলীন হওয়া লোকজন বসতি গড়ে তোলেন।
জমিগুলো উদ্ধার করতে মুক্তিযোদ্ধা আঃ জলিলসহ তার ভাইয়েরা গত রমজানের মাঝামাঝি এসে ১৪ একর ৩৬ শতাংশ জমিতে বসতবাড়ী গড়ে তোলেন। এতে ক্ষিপ্ত হয়ে আঃ লতিফ, আঃ কুদ্দুস, শাহাদু, হায়দার আলী, আঃ হাই, আলিম, সাইফুল, হাফিজুরসহ প্রায় ৭০-৮০জনের দখলদার গ্রুপ মুক্তিযোদ্ধা আঃ জলিলসহ তার ভাইদের বসতবাড়ীতে আগুন লাগিয়ে দেয় এবং গাছ-পালা ভেঙ্গে দেয়।
তিনি আরও বলেন, অনৈতিকভাবে আমার বাড়ী-ঘর উচ্ছেদ করতে লাঠি, রড, সাবল, বটি, ছুড়ি, দা, কুঠাড়সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেছে, আমাদের কয়েকজনকে আহত করেছে, গাছ কেঁটেছে। আমি ওই ভূমি দস্যু দখলদার, দাঙ্গাবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দখলদারদের হাত থেকে আমার জমিগুলো ফেরৎ চাই।
এ বিষয়ে জানতে চাইলে বিবাদি আবদুল লতিফ বলেন, আমরা হামলা করিনি। ভূয়া কাগজপত্র তৈরি করে সন্ত্রাসী কায়দায় জলিল মুক্তিযোদ্ধা আমাদের জমি দখল নেয়ার জন্য কয়েকটি ঘর তুলছে। আমাদের হয়রানি করার জন্য থানায় মিথ্যা অভিযোগ করছে।
রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, এ ঘটনায় দু’পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।