পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হান্নানের বিরুদ্ধে পরিষদের ১১জন ইউপি সদস্যকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।আব্দুল হান্নান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দিলপাশার ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক। গত শুক্রবার বিকেলে থানায় উপস্থিত হয়ে চেয়ারম্যান আবদুল হান্নানের বিরুদ্ধে এমন লিখিত অভিযোগ দায়ের করেন ইউপি সদস্যরা। ইউপি সদস্যের পক্ষে অভিযোগপত্রে স্বাক্ষর করেন প্যানেল চেয়ারম্যান শাহাদৎ হোসেন টুকি।
অভিযোগ সূত্রে জানা গেছে,ইউপি চেয়ারম্যান আবদুল হান্নানের নানা-অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে গত মঙ্গলবার জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করেন পরিষদের ১১ জন সদস্য।
পরে বিষয়টি মীমাংসার জন্য বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতৃবৃন্দ তাদের নিয়ে মিটিংয়ে বসেন।মিটিং চলাকালে চেয়ারম্যান আবদুল হান্নান উত্তেজিত হয়ে ইউপি সদস্যদের বিরুদ্ধে নানা কথাবার্তা বলতে থাকেন। ইউপি সদস্যরা তার কথার প্রতিবাদ করলে ওই চেয়ারম্যান বলেন,’তার বাপ-চাচারা মার্ডার করেছেন,প্রয়োজনে তিনিও মার্ডার করবেন।এমন পরিস্থিতিতে কোন সমঝোতা ছাড়াই মিটিং শেষ করে দিতে বাধ্য হন নেতৃবৃন্দ। এদিকে ঘটনার পর থেকে চেয়ারম্যানের লোকজন ওই ইউপি সদস্যদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন।
প্যানেল চেয়ারম্যান শাহাদৎ হোসেন টুকি বলেন, ’চেয়ারম্যান আবদুল হান্নানের নানা অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগ করায় তিনি আমাদেরকে মার্ডার করার হুমকি দিয়েছেন।আমারা আতঙ্কের মধ্যে রয়েছি।তাই নিজেদের জান-মালের নিরাপত্তার কথা ভেবে থানায় অভিযোগ দিয়েছি।’
এ বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আবদুল হান্নানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন,’একটি লিখিত অভিযোগ পেয়েছি।ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’