নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে কুমারী শ্রাবন্তী (১৫) নামের এক স্কুল ছাত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বালুকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় আনে। আত্মহননকারী কুমারী শ্রাবন্তী বালুকাপাড়া গ্রামের শ্রী স্বপনের বড় মেয়ে ও নিয়ামতপুর বালিকা উচ্চবিদ্যালয় এ- কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
শ্রাবন্তীর বাবা স্বপন জানান, আমার বড় মেয়ে একটু বদ মেজাজের ছিল। প্রায় সে বিভিন্ন ঘটনা নিয়ে তার ছোট বোন প্রীতির সাথে কথা-কাটাকাটির ঘটনায় জড়াতো। ঘটনার দিনও তাদের মধ্যে পড়ালেখার বিষয় নিয়ে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। সন্ধ্যার পরে কোন একসময় সে সবার অগচরে মাটির দোতলা বাড়ির ঘরে তীরের সাথে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দেয়। পরে রাত ৮ টার দিকে তার মা শ্রাবন্তীকে খুঁজতে বাড়ীর দোতলায় উঠে। এ সময় মেয়েকে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে চিৎকার শুর করে তার স্ত্রী। তার চিৎকারে আশেপাশের মানুষ ছুটে এসে শ্রাবন্তীর মরদেহ নিচে নামায়। সংবাদ পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফইম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শ্রাবন্তীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।