রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের মোহনগঞ্জ বাজারে রাত্রি কসমেটিক্স নামের ব্যবসা প্রতিষ্ঠানে শুক্রবার দিনে-দুপুরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ব্যাবসায়ীকে মারপিট করে দোকান ভাংচুর ও টাকা লুটের অভিযোগ উঠেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
জানা যায়, উপজেলার মোহনগঞ্জ বাজারের ব্যবসায়ী রানা সরকার এর রাত্রি কসমেটিক্স নামের ব্যবসা প্রতিষ্ঠানে শুক্রবার (৫মে) বেলা বারোটার দিকে স্থানীয় আরিফ মোল্লার নেতৃত্বে খোকন মোল্লা, পলাশ মোল্লা, ইতি মোল্লাসহ প্রায় দশ/বারোজন মোটরসাইকেল নিয়ে এসে হামলা চালায়। এ সময় দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে প্রায় দুই লাখ টাকা লুট করে নেয় হামলাকারীরা। বাধা দিতে গেলে ব্যবসায়ী রানা সরকার কে মারপিট করে তারা। তাকে উদ্ধারে এগিয়ে এলে সবুজ মোল্লা, রায়হান আলী বাবু ও সায়েম খান কে শারীরিক ভাবে লাঞ্চিত করে হামলাকারীরা। একসময় চাইনিজ কুড়াল, লোহার রড দিয়ে দোকানের কাঁচসহ অন্যান্য জিনিসপত্র ভেঙ্গে ফেলে। চাইনিজ কুড়াল, লোহার পাইপসহ দেশীয় অস্ত্র উঁচিয়ে ভয় দেখিয়ে সেখান থেকে সবুজ মোল্লা নামের যুবক কে মারতে মারতে ধরে নিয়ে যায়।
ব্যবসায়ী রানা সরকার জানান, বুহস্পতিবার ছিল মোহনগঞ্জ হাট বার। হাটের আদায়ের টাকা আমার দোকানেই গচ্ছিত ছিল। বেলা বারোটার দিকে আরিফ মোল্লার নেতৃত্বে খোকন মোল্লা, পলাশ মোল্লা, ইতি মোল্লাসহ প্রায় দশ/বারোজন দুর্বৃত্ত অতর্কিত ভাবে আমার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে হামলা চালিয়ে চাইনিজ কুড়াল, লোহার পাইপসহ দেশীয় অস্ত্র দেখিয়ে মারপিট করে প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, হামলার পর মোহনঞ্জ বাজার এলাকায় লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে দুর্বৃত্তরা মোহড়া দেয়। এ নিয়ে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে আরিফ মোল্লা জানান, রানার দোকানে আমরা কোন হামলা বা লুট করিনি। এটা মিথা অভিযোগ। ওর দোকানে সবুজ নামের একজন ছিল তাকে নেয়ার জন্য ওর ভাইয়েরা গিয়েছিল।
এ ব্যাপারে বাগমারা থানার উপপরিদর্শক আবদুল মান্নান বলেন, মোহনগঞ্জ বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার খবর পেয়ে থানা পুলিশ সেখানে গিয়েছিল। সেখানে গিয়ে দোকানের ভেতর কিছু জিসিপত্র এলোমেলা অবস্থায় দেখা গেছে। এ ব্যাপারে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।