রাজশাহীর মোহনপুর উপজেলায় সৎ মায়ের ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করার অভিযোগ উঠেছে। বুধবার (৩ মে) রাতে ছরিনা বেগম বাদি হয়ে চারজন আসামি করে মোহনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার হরিদাগাছী বারইপাড়া গ্রামের আবদুর হামিদ মোল্লাকে ১২ বছর পূর্বে ছরিনা বেগম নামের এক নারী বিয়ে করেন। ছরিনা বেগম আবদুর হামিদ মোল্লার দ্বিতীয় স্ত্রী। বিয়ের পর থেকে সৎ ছেলে রাসেল মোল্লা, এন্তাজ মোল্লা, মোন্তাজ মোল্লা তার স্ত্রী নুরবানু বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। গত মঙ্গলবার ছরিনা বেগম তার অসুস্থ স্বামী আবদুর হামিদ মোল্লাকে বাড়িতে রেখে কাজের জন্য বাহিরে যান। সুযোগে আবদুর হামিদ মোল্লাকে তার ছেলে বাড়িভিটা রেজিস্ট্রারী করে নেওয়ার জন্য মোহনপুর সাবরেজিস্টার অফিসে নিয়ে যায়। ওই সময় ঘরের দরজা খোলা ছিলো। বাড়িতে কেউ না থাকায় ঘরে ঢুকে অভিযুক্তরা নগদ দেড় লাখ টাকা ও পাঁচ আনা ওজনের স্বর্ণের বালা চুরি করে নিয়ে যায়। বিষয়টি নিয়ে কোন অভিযোগ না করার জন্য ছরিনা বেগমকে হুমকি প্রদান করে অভিযুক্তরা।
এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. সেলিম বাদশাহ বলেন, বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করে আইন গত ব্যবস্থা নেয়া হবে।