কুড়িগ্রামের রাজিবপুরে জোর করে জমি দখলে নিতে গেলে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষে ১০ জন আহত হয়েছে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মঙ্গলবার সকালে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দূর্গম চর উত্তর কোদালকাটি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিন রাতে কৃষক হায়দার আলী বাদি হয়ে ১৮জনকে আসামি করে রাজিবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আহতরা হলেন, উপজেলার কোদালকাটি ইউনিয়নের উত্তর কোদালকাটি গ্রামের আবদুল কুদ্দুস মাস্টারের ছেলে হায়দার আলী (৪৫) ও তাঁর ছোট ভাই আবদুল আলিম (২৮) আবদুল হাই (৩৫) আবদুল হামিদ (৪০) স্ত্রী ছালমা খাতুন (৩০) ছোট ভাইয়ের স্ত্রী মাসুদা (২৫) ও সাজেদা খাতুন (৩৫)। অপর দলের ৩জন।
মঙ্গলবার সকালে সরেজমিনে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে গেলে সাংবাদিকদের কাছে হায়দার আলী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তাঁর ভোগদখলীয় জমি বে-দখলের পায়তারা করে আসছেন আবদুল জলিল নামের এক ব্যক্তি। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁর ধান ও পাট ক্ষেতে স্যালো মেশিন দিয়ে সেচ দেন তিনি। এ সময় দলবদ্ধ হয়ে হাতে ধারালো ছুরি, সাবল, রাম দা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে ফসলি জমিতে অবৈধ অনুপ্রবেশ করেন এবং তাঁকে এলোপাতাড়ি মারপিট করেন আবদুল জলিল (৬০) ও রুস্তম মিয়াসহ (৫৫) তার লোকজন।
পরে তাঁকে উদ্ধার করতে ছোট ভাই আবদুল আলিম, আবদুল হাই, আবদুল হামিদ, স্ত্রী ছালমা খাতুন, ছোট ভাইয়ের স্ত্রী মাসুদা, সাজেদা খাতুন এগিয়ে আসলে তাঁদেরকেও এলোপাতাড়ি মারপিট করা হয়। এতে গুরুতর আহত হন তাঁরা। পরে স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় সোমবার রাতে ১৮জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার সকালে তাঁর ছোট ভাই আবদুল আলিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক।
রাজিবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স মেডিকেল অফিসার হাসিবুল ইসলাম বলেন, সোমবার দুপুরে আহত অবস্থায় ৭জন ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে আবদুল আলিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মঙ্গলবার সকালে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবদুল জলিল বলেন, শুধু আমরা হামলা করিনি। তাঁরাও আমাদের উপর হামলা করেছেন। এতে আমার বেশ কয়েকজন আহত হয়েছে।
রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।