বাংলাদেশের ব্যাংক খাত গত কয়েক বছর ধরে চরম সংকটে রয়েছে। আমাদের দেশে ব্যাংকিংয়ে সুশাসনের প্রকট অভাব। আজকে ব্যাংকারদের সৎ-সাহস, নৈতিকতা ও দক্ষতার অভাব, চাকরি হারানোর ভীতি এবং 'বড়' হওয়ার অতিলোভ ব্যাংকিং খাতের এই দুরাবস্থার জন্য বেশি দায়ী- সবাই হয়তো স্বীকার করবেন না; তবে স্বীকার না করলেও বাস্তবতা সে রকম। তবে সর্বস্তরের ব্যাংকাররা যদি মেরুদণ্ড শক্ত করে সৎ, দক্ষ ও সাহসী হতে পারেন, এই খেলাপির শিকল থেকে দেশের ব্যাংকি খাত ধীরে ধীরে বের হয়ে আসবে; না হলে যে তিমিরে আছে, সেই তিমিরে পড়ে থাকবে, অথবা আরও অন্ধকারে তলিয়ে যাবে। বাংলাদেশের অর্থনীতি মন্দ ঋণ বা খেলাপি ঋণ-ব্যাধিতে পরিণত হয়েছে। এর শুরু অনেক বছর আগে, এখন সেটা বাড়তে বাড়তে পাহাড়সম বোঝা হয়ে দাঁড়িয়েছে। দিন দিন ব্যাংকিং পেশাকে ব্যবসা ও ব্যবসায়ীদের প্রতিপক্ষ করে তোলা হচ্ছে।
সামগ্রিক অর্থনীতি, বিশেষ করে ব্যাংকিং খাতের জন্য এখন খেলাপি ঋণ একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। আমাদের অর্থনীতি অবিচ্ছেদ্যভাবে বৈশ্বিক অর্থনীতির সঙ্গে যুক্ত, মন্দ ঋণের কারণে আমাদের ব্যাংকগুলো বিদেশি ব্যাংকগুলোর সঙ্গে লেনদেনের ক্ষেত্রে সমস্যায় পড়ছে। চূড়ান্তভাবে তাতে আমাদের আমদানি-রপ্তানি বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাধারণ মানুষ ব্যাংকে যে আমানত রাখেন, তার একটি অংশ উদ্যোক্তা ব্যবসায় বিনিয়োগের জন্য নেন। যাঁরা প্রকৃত উদ্যোক্তা, যাঁরা প্রকৃত ব্যবসায়ী, দেশে যাঁরা বিনিয়োগ করে কর্মসংস্থান সৃষ্টি করতে চান, তাঁদের খেলাপি ঋণ পুনর্নবায়ন সুযোগ রাখা প্রয়োজন। কিন্তু নানা প্রভাব খাটিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে যাঁরা ‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ হচ্ছেন, তাঁদের শক্ত হাতে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। সরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে রাজনৈতিক চাপে এ ধরনের কিছু ঋণ দেওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু সামগ্রিক বিচারে খেলাপি ঋণ বাড়ার বড় কারণ হলো বাংলাদেশে এখন এত বেশি ব্যাংক এবং ব্যাংকগুলোর মধ্যে এত বেশি প্রতিযোগিতা যে ঋণ বিতরণের ক্ষেত্রে একটা নেতিবাচক প্রতিযোগিতা তৈরি হয়েছে। ব্যাংক পরিচালনা বোর্ড ব্যাংকারদের ওপর চাপ দিচ্ছে। ব্যাংকাররা সেই চাপে তড়িঘড়ি করে ঋণ বিতরণ করতে গিয়ে ক্রেডিট অ্যানালিসিসটাও ঠিকমতো করছে না।
খেলাপি ঋণ ব্যাংক খাতের বড় সমস্যা। এটা এখন মাথাব্যথার অনেক বড় কারণ হয়ে উঠেছে। গণমাধ্যমের খবরে দেখছি, ব্যাংক থেকে ঋণ নিয়ে খেলাপি হয়েছেন, অথচ তাঁরা বিদেশে চলে গেছেন। এখন আমাদের খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৩৫ হাজার কোটি টাকার মতো। মোট ঋণের ৯ শতাংশ খেলাপি ঋণ। বাস্তবে খেলাপি ঋণের অঙ্ক আরও অনেক বড়। খসড়ায় ‘ইচ্ছাকৃত ঋণখেলাপিদের’ বিদেশ যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়াসহ যে ব্যবস্থার কথা বলা হয়েছে, সেগুলো যাতে বাস্তবায়িত হয়, সেই পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে তাদের পাসপোর্ট স্থগিত করতে হবে। যাঁরা ব্যাংক থেকে টাকা নিয়ে পালিয়ে গেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনে ইন্টারপোলের শরণাপন্ন হতে হবে। এ অর্থ তো বাংলাদেশের সাধারণ মানুষের কষ্টার্জিত আমানত, ব্যাংকাররা মাথার ঘাম পায়ে ফেলে সেগুলো সংগ্রহ করেন। সেই টাকা নিয়ে পালিয়ে গিয়ে কেউ যেন পার না পেতে পারে। হুন্ডি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। আমাদের ব্যাংকগুলোকে বাঁচাতে হবে, সেগুলোকে খেলাপি ঋণের ব্যাধি থেকে মুক্ত করার বিকল্প নেই। ইচ্ছাকৃত ঋণখেলাপিদের কঠোর শাস্তির মধ্যে আনতে হবে। কিন্তু যাঁরা ভালো উদ্যোক্তা কিন্তু কোনো কারণে সমস্যায় পড়েছেন, তাঁরা যেন তাঁদের ব্যবসা চালিয়ে নিয়ে যেতে পারেন, সে ব্যবস্থা করতে হবে।